ঘোড়ায় চড়ে বিয়ে করতে গিয়েছিলেন এক তরুণ। নাচে গানে বিয়ের অনুষ্ঠান উপভোগ করছে সবাই। এর মধ্যে বরকে নিয়ে ছুটল ঘোড়া। তার পেছন পেছন দৌড় লাগাল বরযাত্রীরাও।
সংবাদ প্রতিদিন জানায়, ভারতের গুজরাটে পাটান জেলার রোডা গ্রামে এ ঘটনা ঘটে। আর পাঁচটি ভারতীয় বিয়ের মতোই ওই তরুণও ঘোড়ার পিঠে চেপে বিয়ে করতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন বরযাত্রীরাও। চলছিল নাচানাচি। কেউ আবার বাজি ফাটাচ্ছিলেন।
কনের বাড়ির উদ্দেশে যাচ্ছিল বরযাত্রীরা। এই সময় আচমকাই ক্ষেপে ওঠে ঘোড়াটি। এরপর দৌড় শুরু করে। পিঠে তখন বর বসে। তাকে বাঁচাতে পেছনে দৌড়তে শুরু করেন অনেকেই।
এরপর অনেকটা দূরে গিয়ে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। শরীরের বেশ কিছু জায়গায় আঘাতও পান। প্রাথমিক চিকিৎসা জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তিনি ফের বিয়ে করতে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটি দেখার পর নেটিজেনরা হাসি থামাতে পারছে না।
সম্প্রতি বিয়ের অনুষ্ঠানের আরও একটি ঘটনা ভাইরাল হয়েছিল। যেখানে বিয়ের অনুষ্ঠানের পর বর-কনের ছবি তুলছিলেন এক ক্যামেরাম্যান। কিছুক্ষণ পরই তিনি বরকে সরিয়ে কেবল কনের ছবি তুলতে থাকেন। এরপর ছবি তুলতে তুলতে হঠাৎ করে কনের অনেকটা কাছেও চলে যান তিনি। এর জেরে আচমকা বর ওই ক্যামেরাম্যানকে পেছন থেকে চড় মারেন। যা দেখে আবার হাসতে শুরু করে দেন খোদ কনে। হাসতে হাসতে মাটিতেই বসে পড়েন।
