সেনা অভ্যুত্থান

মিয়ানমারে বিক্ষোভে গুলি, তরুণী নিহত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০২:০৬ এএম

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে মাথায় গুলিবিদ্ধ তরুণী মেয়া থুই থুই খাইং মারা গেছেন। ২০ বছর বয়সী ওই তরুণী গত ৯ ফেব্রুয়ারি রাজধানী নেপিদোতে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার সময় মাথায় গুলি লেগেছিল। গতকাল শুক্রবার খাইংয়ের ভাই ইয়ে তুত অং টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রয়টার্স জানাচ্ছে, ওই তরুণী যেদিন আহত হন সেদিনের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, রাবার বুলেট ও তাজা গুলি ছুড়েছিল। পরে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী জানিয়েছিল, খাইংয়ের আঘাতের সঙ্গে তাজা গুলির আঘাতের সামঞ্জস্য আছে। ৯ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে খাইং হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ ছিলেন।

এদিকে বিবিসি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুরে নেপিদোর হাসপাতাল কর্র্তৃপক্ষ খাইংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে। হাসপাতালটির এক চিকিৎসক জানান, খাইংকে ‘নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে’ রাখার পর থেকে হাসপাতালটির কর্মীদের ভয়াবহ চাপের মধ্যে থাকতে হয়েছে। তবে তাতেও দমে যাননি তারা। তিনি বলেন, ‘আমরা ন্যায়বিচার ও সামনে এগিয়ে যাওয়ার দিকে তাকিয়ে আছি।’

তার শেষকৃত্য আয়োজনের দায়িত্বে থাকা কমিটির এক সদস্য বলেছেন, শেষকৃত্যের প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে সেনা কর্র্তৃপক্ষ জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত করে দেখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত