শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষে আহত ৩০

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০২:২১ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন গেরুয়া এলাকায় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ সময় গ্রামবাসীর দিক থেকে ৯টি গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের।

তারা বলছেন, গত ১১ ফেব্রুয়ারি ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় কয়েক যুবকের ঝামেলা হয়। ওই ঝামেলা মেটাতে গতকাল বিকেলে স্থানীয় যুবকদের সঙ্গে আলোচনা করতে যান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। আলোচনা চলাকালে আবার কথা কাটাকাটি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গেরুয়া বাজারের একটি ভবনে আটকে রাখা হয়। পরে গ্রামবাসী তাদের মারধর করে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিষেক ম-ল এবং কার্যনির্বাহী সদস্য এলেক্সসহ তিনজন আহত হন। এ সময় শিক্ষার্থীদের পাঁচটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে গেরুয়া এলাকার প্রবেশ মুখে জড়ো হয়। রাত ৮টার দিকে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। তারা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেন।

বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলো বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আশপাশের মেস ও বাসা ভাড়া নিয়ে থাকছেন। এর মধ্যে গেরুয়া এলাকায় তিন শতাধিক শিক্ষার্থী থাকেন বলে জানা গেছে। গেরুয়া এলাকার মেস ও বাসাবাড়িতে এখনো অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আছেন বলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আমরা শিক্ষার্থীদের শান্ত রেখেছি। পুলিশের প্রতি আহ্বান, তারা যেন স্থানীয়দের শান্ত রাখেন।’

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গেইটের বাইরে প্রক্টর ও নিরাপত্তাকর্মীদের কিছু করার নেই। আমি পুলিশ পাঠানোর জন্য ঢাকাসহ বিভিন্ন জায়গায় কথা বলছি।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে কর্তব্যরত ডা. মাহফুজ বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৩০ জনের বেশি শিক্ষার্থীকে চিকিৎসা দিয়েছি। তারা মাথা, হাত, পা এবং শরীরের বিভিন্ন অংশে জখম পেয়েছে। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে গেরুয়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আয়োজক কমিটির অফিসে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। তারা গেরুয়া বাজারের অর্ধশত দোকানপাট ভাঙচুর করে এবং কয়েকটি দোকানে তালা মেরে চাবি নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, হামলাকারীরা একবার দোকানপাট বন্ধ করে চলে গেলেও পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে নিয়ে গেরুয়া এলাকায় আসেন। এ সময় বাতিঘর নামে একটি ক্রিকেট সংগঠনের সদস্য মো. নজরুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী একজোট হয়ে তাদের বাধা দেন। এ সময় উভয় পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে আহত হন অন্তত ২০ জন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান রাত ১০টার দিকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত