২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল শিরোপা জেতেন সাকিব আল হাসান। ওই শিরোপা জেতার পর দেশের হয়ে টেস্ট খেলাকেই প্রাধান্য দেন এমনটা বলেছিলেন তিনি। আইপিএল শিরোপা জেতার চেয়ে দেশের হয়ে শিরোপা তাকে আনন্দ দেয়। সে সময় জাতীয় দল ছাড়ার গুঞ্জন ঠেকাতে ২০২৩ বিশ্বকাপে খেলার কথা বলেন সাকিব। কিন্তু ২০১৯ সালে
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পরই গুঞ্জন ওঠে সাকিব টেস্টে খেলতে চান না। উইন্ডিজের বিপক্ষে এসব গুঞ্জন উড়িয়ে দলে ছিলেন সাকিব। কিন্তু এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। ওই সময় আইপিএল থাকায় ওই টুর্নামেন্টে খেলতে চান না সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাকে ছুটি দিয়েছে। টেস্টে খেলতে না চাইলে কাউকে জোর করে খেলাবে না বলে জানিয়েছে বিসিবি।
সাকিব আল হাসানের এমন সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। গতকাল দিনজুড়েই সাকিবের সমালোচনাই হয়েছে বেশি। দেশ বাদ দিয়ে বিদেশি লিগে খেলার সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারেননি বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। কিন্তু দেশের বাইরেও বিষয়টি ইতিবাচকভাবেই গৃহীত। জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে গতকালই নিজের টুইটার অ্যাকাউন্টে এ-সংক্রান্ত মত দেন। সাকিব আল হাসানের টুইটার অ্যাকাউন্ট ট্যাগ করে ভোগলে লিখেন, ‘অনেকেই দেশের হয়ে টেস্ট খেলার বিপরীতে আইপিএলের খেলাকে প্রাধান্য দিচ্ছে। সাকিব যেমন কলকাতার হয়ে খেলবে আইপিএলে। ওই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজে সে থাকছে না। সামনের কয়েক বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি ওয়ানডে বিশ্বকাপ থাকায় গুরুত্বটা কোথায় দিতে হবে তা স্পষ্ট হয়ে উঠেছে।’
গতকাল সাকিবের ছুটি নেওয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর সাকিব আল হাসান কী প্রতিক্রিয়া দেখান সেটাই জানার ছিল। বিকেলের দিকে সাকিবের পক্ষ থেকে জবাবটি দিয়ে দেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। হার্শা ভোগলের টুইটার পোস্টটি থাকায় বাড়তি আর কিছু লিখতে হয়নি তাকে। নিজের ফেইসবুক পেজে সেই পোস্ট এবং কলকাতার জার্সি পরা সাকিবের ছবি একসঙ্গে দিয়ে শিশির লিখেন তার (সাকিব) সবসময়ই একটা পরিকল্পনা থাকে। এতে করে সাকিব না বললেও কেন দেশের হয়ে টেস্ট না খেলে আইপিএল খেলছেন তা স্পষ্ট হয়ে গেল। তবে ভবিষ্যতে দেশের টেস্ট সিরিজে সাকিব থাকেন কি-না সেটাই এখন বড় প্রশ্ন?
সাকিবকে সমর্থন ফারুক আহমেদের
হার্শা ভোগলের মতো একই মত দিলেন সাবেক অধিনায়ক ও নির্বাচক ফারুক আহমেদ। আইপিএল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের জন্য শাপেবর হতে পারে বলে মনে করেন তিনি। কক্সবাজারে চলমান লিজেন্ড চ্যাম্পিয়নস ট্রফিতে নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের মেন্টর হিসেবে আছেন ফারুক। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভাবনা তুলে ধরেন
সাবেক এ অধিনায়ক, ‘এক বছরের বেশি সময়ের একটা বিরতি ছিল তার এবং প্রথম টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোটে পড়ে টেস্ট সিরিজটি শেষ করতে পারেনি। টি-টোয়েন্টিতে ব্যাপারটা অন্যরকম, শুধু ম্যাচ খেলে আসা যায়। সারা পৃথিবীতেই যদি দেখেন, অনেক খেলোয়াড় আছে যারা আইপিএল আসার পর দেশের হয়ে অবসরে চলে গেছে। এটাকে আমি উৎসাহী করছি না। কিন্তু এটা হয়েছে, নতুন কিছু নয়। সাকিব আমাদের জন্য একটা ব্র্যান্ড। এক বছর পর ফিরে সে কিন্তু সেরা বোলিং করেছে। লাস্ট আইপিএলে অনেক ম্যাচ সুযোগ না পেলেও বিশ^কাপে এসে সে কি পারফরমটা করলো। সেঞ্চুরি, উইকেট মানে সেরা পারফরমার।’
আইপিএল খেলে অক্টোবরের বিশ্বকাপে সাকিব ভালো করবে বলে বিশ্বাস ফারুক আহমেদের। ২০১৯-এ আইপিএলে ফিটনেস নিয়ে কাজ করেই বিশ্বকাপে ভালো করেছিলেন সাকিব। সাবেক নির্বাচক বলেন, ‘আইপিএল ওকে বিশ্বকাপের জন্য ভালো সাহায্য করতে পারে। একটা বা দুইটা খেলোয়াড় কিন্তু দলকে অনেকদূর টেনে নিতে পারে। তাই আমি আশা করি আইপিএল তাকে বিশ্বকাপের জন্য ভালোভাবে সাহায্য করতে পারে।’
