ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এবং এসএসসি ৯৮-এইচএসসি ২০০০ ফেইসবুক গ্রুপের উদ্যোগে ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট হবে আগামীকাল। রাজধানীর শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে এই খেলায় অংশ নেবে ঢাকাভিত্তিক ১৩টি দল। মূলত পরবর্তী প্রজন্মকে খেলধুলায় উৎসাহী করে তুলতে এই আয়োজন করতে যাচ্ছেন চল্লিশের কাছাকাছি এসে পৌঁছানো একঝাঁক উদ্যোক্তা।
গতকাল রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠান হয়। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, জাতীয় ফুটবল দলের সাবেক তিন ফুটবলার আবদুর রাজ্জাক, মোস্তফা আনোয়ার পারভেজ বাবু এবং অমিত খান শুভ্র। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পন্সর বসুন্ধরা এলপিজির এক্সিকিউটিভ এডিটর জাকারিয়া জালাল। প্রধান পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত হতে পারেননি। এ ছাড়া অনুষ্ঠানে এসএসসি ৯৮-এইচএসসি ২০০০ ফেইসবুক গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন চার অ্যাডমিন মুশফিক, ফারুকুজ্জামান, রোমেল ও মাওলা এবং অংশগ্রহণকারী ১৩ দলের অধিনায়ক ও ম্যানেজার।
