এএফসি কাপের আয়োজক হতে কিংসের আবেদন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৩ এএম

আসন্ন এএফসি কাপের গ্রুপপর্বের আয়োজক হতে আবেদন করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির সভাপতি ইমরুল হাসান। শুরুতে আয়োজক হতে না চাইলেও পরবর্তীকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুরোধে তারা এই আবেদন এএফসির কাছে করেছে। ১৪ থেকে ২০ মে ‘ডি’ গ্রুপের ম্যাচগুলো আয়োজনের জন্য এএফসি গ্রুপের দলগুলো কাছে জানতে চায়। করোনা মহামারীর কথা চিন্তা করে শুরুতে বসুন্ধরা কিংস চায়নি আয়োজক হতে। তবে পরবর্তীকালে বাফুফে তাদের গ্রুপপর্বের খেলাগুলো সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজনের পরামর্শ দেয়। ‘ডি’ গ্রুপের অপর দল ভারতের মোহনবাগানও গ্রুপপর্বের ম্যাচগুলো আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে। এই গ্রুপের অপর দল মালদ্বীপের মাজিয়া এফসি এবং প্লে-অফ বিজয়ী আরেকটি দল। প্লে-অফ থেকে গ্রুপপর্বে খেলার সুযোগ আছে বাংলাদেশের অপর দল আবাহনী লিমিটেডেরও। যদিও তাদের গ্রুপপর্বে আসতে হলে প্রিলিমিনারি রাউন্ড-টু ও প্লে-অফ রাউন্ড পেরিয়ে আসতে হবে। ১৪ এপ্রিল প্রিলিমিনারি রাউন্ড-টুতে আবাহনীকে খেলতে হবে রাউন্ড-ওয়ানের বিজয়ীর সঙ্গে। প্রিলিমিনারি এবং প্লে-অফ রাউন্ড পেরিয়ে আসতে পারলে গ্রুপপর্ব খেলতে পারবে আকাশি-হলুদরা। সেক্ষেত্রে গ্রুপপর্বের ম্যাচ দেশের মাটিতে হলে তার সুবিধা পাবে আবাহনীও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত