যানবাহনে তল্লাশির নামে পুলিশের হয়রানি করার একটি ভুয়া ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল মামলায় ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গত ৩১ জানুয়ারি আপলোড করা ওই ভুয়া ভিডিওতে গভীর রাতে পুলিশ একজন সিএনজি অটোরিকশা চালককে আটকে নানা প্রশ্ন, অন্যদিকে পুলিশকে বিদ্রুপ করে চালকের পাল্টা প্রশ্ন, টাকার প্রলোভন ইত্যাদি তুলে ধরা হয়।
চুনারুঘাট থানা সূত্রে জানা যায়, ফেইসবুকে এই ভিডিওটি ভাইরাল হয়ে পড়লে পুলিশ সুপারের নির্দেশে চুনারুঘাট থানার পুলিশ বৃহস্পতিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪(২), ২৫(২), ২৯(১) ও ৩৫(২) ধারায় মামলা করে। ওই রাতেই পুলিশ ভিডিও তৈরির সঙ্গে জড়িত চুনারুঘাট উপজেলার পনারগাঁও গ্রামের সিএনজি অটোরিকশা চালক শাহিন মিয়া (২৫), তার সহযোগী মুক্তারুজ্জামান (২০), নোয়াগাঁও গ্রামের হারুন মিয়া (২০), মুনিরুল ইসলাম (২০) ও কামরুল হাসানকে (২৪) গ্রেপ্তার করে।
