সরকার মানুষের সাংবিধানিক, গণতান্ত্রিক ও নাগরিক অধিকার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এখানে যোগ-ভাগের মহোৎসব চলছে।’
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমীর খসরু। পাঁচ বছর কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। আমীর খসরু বলেন, ‘২০১৬ সালে ঢাকার কুড়িল বিশ্বরোড থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে দফায় দফায় রিমান্ডে নির্যাতন করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলা দিলেও আইনি লড়াইয়ে তিনি ছয় মাসের মধ্যে জামিন পান। কিন্তু মুক্তি না দিয়ে শতাধিক মিথ্যা ও সাজানো মামলায় তাকে আটকে রাখা হয়েছে।
