টিআইবির বিজ্ঞপ্তি

‘দুর্নীতি’ একুশের চেতনা পরিপন্থী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৬ এএম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, দুর্নীতি মহান একুশের চেতনার পরিপন্থী। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ গড়াই ছিল মহান একুশের চেতনার কেন্দ্রীয় উপাদান। এই চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে টিআইবির নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলন যেমন আবেগের, তেমনি সংগ্রাম ও দ্রোহের। একুশের পথ বেয়েই বাঙালি বারবার অন্যায়, অবিচার আর শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ছিনিয়ে এনেছে স্বাধীনতার সূর্যকে। যেকোনো অন্যায়, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে সমন্বিত প্রতিবাদের প্রেরণা হোক একুশে ফেব্রুয়ারি। একই সঙ্গে একুশ হোক দুর্নীতি প্রতিরোধে অনন্য প্রেরণার উৎস। কারণ দুর্নীতি একুশের চেতনার পরিপন্থী। তাই এই একুশের চেতনা ধারণ করেই দুর্নীতিকে রুখতে হবে, সকল প্রকার বৈষম্য থেকে মুক্তিলাভের সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা’র প্রত্যয় ঘোষিত হয়েছে। তবে এই ঘোষণা শুধু ছোটখাটো দুর্নীতি ও কিছু চুনোপুঁটি টানাহেঁচড়ার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বড় দুর্নীতি ও রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কেবল কাগুজে ঘোষণাই রয়ে গেছে। দুর্নীতির ধারণা সূচকে দীর্ঘ এক দশক বাংলাদেশের প্রায় একই অবস্থানে আটকে থাকা এবং দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের দ্বিতীয় সর্বনি¤œ অবস্থান সেটিই যেন প্রমাণ করে। তাই ঘোষিত প্রতিশ্রুতির পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সর্বব্যাপী কঠোর ব্যবস্থা গ্রহণই একুশের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত