আইপিএল নাকি জাতীয় দল, দোটানায় উইলিয়ামসন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০১ পিএম

জাতীয় দলের হয়ে টেস্ট খেলবেন নাকি আইপিএলে থাকবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন কেন উইলিয়ামসন।

আইপিএল-জাতীয় দলের সূচি নিয়ে এমন সংঘাত সৃষ্টি হওয়াকে অপ্রত্যাশিত বলছেন তিনি, ‘এটা অবশ্যই প্রত্যাশিত বিষয় না। আমি জানি যখন পরিকল্পনাটা করা হয় তখন এটা মাথায় ছিল (আইপিএলের সঙ্গে সংঘাত)। এই সময়ে পরিকল্পনা করে সেটাতে স্থির থাকা মুশকিল।’

‘আমাদের এই সময়ের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা এখনো অপেক্ষা করছি চূড়ান্ত সূচির। এরপরই আসলে সিদ্ধান্ত নিতে পারব। সে জন্য অপেক্ষা করতে হবে। দেখা যাক কি হয়।’

জুন মাসের শুরুতে ইংল্যান্ডে একটা টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা নিউজিল্যান্ডের। ওই সময়টায় আইপিএলের শেষ দিকের খেলা থাকবে।

ইংল্যান্ডের নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হবে ২ জুন। লর্ডস ও এজবাস্টনে হবে দুই টেস্ট। এরপর ১৮ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে লর্ডসে। ফাইনাল নিশ্চিত করা নিউজিল্যান্ডের জন্য ইংল্যান্ড সিরিজের দুই টেস্ট তাই প্রস্তুতির বিচারেও খুবই গুরুত্বপূর্ণ।

উইলিয়ামসন ছাড়া নিউজিল্যান্ডের আরও কয়েকজন ক্রিকেটারের এই সিরিজে খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তাদের মধ্যে রয়েছেন ট্রেন্ড বোল্ট, কাইল জেমিসন, লুকি ফার্গুসেনরা।

ব্ল্যাক ক্যাপস অধিনায়ক টেস্ট সিরিজ না খেলার সিদ্ধান্ত এখনো নেননি। অপেক্ষায় আছেন ইংল্যান্ড সিরিজ ও আইপিএলের চূড়ান্ত সূচির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত