অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড নবম শিরোপা জিতে নিলেন নোভাক জকোভিচ।
রবিবার মেলবোর্ন পার্কে রাশিয়ান তারকা দানিল মেদভেদেভকে উড়িয়ে ১৮তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ নেন জকোভিচ। ধরে রাখেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা।
তাতে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্লাম রেকর্ডের আরো কাছে চলে গেলেন সার্বিয়ান তারকা।
৩৩ বছর বয়সী জকোভিচ এদিন ৭-৫, ৬-২, ৬-২ গেমে ম্যাচ জিতে নেন।
অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাস বলে, জকোভিচ প্রথম সেট জিতলে তাকে হারানো এককথায় অসম্ভব। এদিনও ঠিক সেই ঘটনার সাক্ষী থাকল রড লেভার এরিনার দর্শকেরা।
প্রথম সেট ফাইনালে জিতলে জোকারের পক্ষে শিরোপা জয়ের চান্স ৭২:১। ফলে প্রথম সেটে ৭-৫ ফলে হারের পরে মেদভেদেভের জন্য দেওয়াল লিখন স্পষ্ট হয়ে যায় যেন।
দ্বিতীয় সেটের শুরুতেই জোকারের সার্ভিস ভেঙে দিয়ে অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ডানিল। তবে বাস্তবে তা আর সম্ভবপর হয়নি। পরের গেমেই দানিলের সার্ভ ব্রেক করে দিয়ে ১-১ সমতা ফেরান তিনি। দ্বিতীয় সেটকে ৬-২ ফলে পকেটে পুরতে বেশি সময় খরচ করেননি সার্বিয়ান তারকা।
বেসলাইন থেকে তখন তার এক-একটা ফোরহ্যান্ডে যেন ঠিকানা লেখা ছিল। যার কোনো উত্তর ছিল না মেদভেদেভের কাছে। তাকে দেখে মনেই হচ্ছিল না জকোভিচের বিপক্ষে শেষ চার ম্যাচে তিনি তিনটিতে জয়লাভ করেছেন।
দ্বিতীয় সেটের স্কোরলাইন বজায় রেখেই ৬-২ ফলে তৃতীয় সেট জয়ের মধ্যে দিয়ে নিজের ১৮তম গ্র্যান্ড স্ল্যাম জয় সম্পন্ন করেন জোকার।
