আনোয়ারায় ছাত্রলীগ কর্মী আশরাফ হত্যার ঘটনায় মামলা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪২ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছাত্রলীগ কর্মী আশরাফ উদ্দিন হত্যার ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার একদিন পর গত শনিবার রাতে নিহতের বাবা মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক উপসম্পাদক নয়ন সরকারকে প্রধান আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রলীগ কর্মী আশরাফ উদ্দিনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। গত শুক্রবার রাতে উপজেলা সদরের মা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় আশরাফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ছাত্রলীগ কর্মী আশরাফ দক্ষিণ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আসিফ নেওয়াজ জিহানের অনুসারী। আসিফের পক্ষের নেতা–কর্মীদের অভিযোগ,দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক উপসম্পাদক নয়ন সরকারসহ তার অনুসারীরা আশরাফকে হত্যা করেছেন। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.আবু তাহের বলেন, আশরাফ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তাকে হত্যার অভিযোগে দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক উপসম্পাদক নয়ন সরকারকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, শনিবার রাতে পুলিশ আশরাফের বাবার কাছ থেকে অভিযোগ পেয়ে মামলা নথিভুক্ত করেছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত