মোনাকোতে আবারও ধরা পিএসজি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩০ এএম

চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার নেইমার, ডি মারিয়াকে ছাড়া খেলতে নেমে এমবাপের হ্যাটট্রিকে বার্সেলোনাকে ৪-১-এ উড়িয়ে দিয়েছিল পিএসজি। কিন্তু দেশে ফিরেই লিগ ম্যাচে মোনাকোর কাছে হেরে গেছে তারা। রবিবার লিগ ওয়ানে নিজেদের মাঠে ০-২ গোলে হেরেছে মরিসিও পচেত্তিনোর দল। দলটির কাছে লিগের আগের পর্বেও হেরেছিল তারা (২-৩ গোলে)। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে প্যারিসের দলটি। তাদের সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিঁলে। ৫৫ পয়েন্টে দুইয়ে লিঁও।

এমবাপে লিগে তার সাবেক ক্লাবের সঙ্গে আগের ৭ দেখাতেই গোল পেয়েছিলেন। গত ২০ নভেম্বর মোনাকোর মাঠে এবারের লিগের প্রথম দেখাতেও জোড়া গোল করেছিলেন তিনি। তবে রবিবার গোল করতে পারেননি। ৬ মিনিটেই সোফিয়ানে ডিওপ হেডে গোল করে এগিয়ে দেন মোনাকোকে। ৫১ মিনিটে গুইলার্মে মারিপানের গোলে জয় নিশ্চিত হয় তাদের। ২০১১-১২ মৌসুমে ন্যান্সির পর পিএসজিকে লিগের দুইপর্বেই হারানোর নজির গড়ল মোনাকো। দলটির ক্রোয়েশিয়ান কোচ নিকো কোভাচ বলেন, ‘এমবাপেকে নিষ্ক্রিয় রাখাই ছিল আমাদের কৌশল। কারণ, সে খুব ভালো স্ট্রাইকার। তিন-চারজন খেলোয়াড় দিয়ে তাকে বল থেকে দূরে রাখার চেষ্টা করেছি। আমরা পিএসজিকে এ নিয়ে দ্বিতীয়বার হারালাম।’ মার্কো ভেরাত্তির মতো অভিজ্ঞ খেলোয়াড়কে এদিন একাদশে রাখেননি পচেত্তিনো। তাকে ৫৫ মিনিটে মাঠে নামানো কোচ পচেত্তিনো হারের দায় নিজের কাঁধে নিয়েছেন। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত