বেসরকারি খাতের শীর্ষস্থানীয় জীবন বীমা কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে বীমা নিয়ন্ত্রকের প্রশাসক বসানোর পর এবার প্রতিষ্ঠানটিতে বিশেষ নিরীক্ষক নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বীমা নিয়ন্ত্রক সংস্থা ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এমন পদক্ষেপ নিয়েছে এসইসি। গতকাল এসইসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফের টানাপড়েনে সম্প্রতি কোম্পানিটির বর্তমান পর্ষদ বরখাস্ত করে প্রশাসক বসানো হয়। তবে তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে পরামর্শের বাধ্যবাধকতা থাকলেও শুরুতে এসইসিকে অন্ধকারে রেখেই বীমা কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। গতকাল এসইসির সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন তোলা হলে কমিশনের চেয়ারম্যান জানান, ডেল্টা লাইফের চলমান সমস্যা নিয়ে আইডিআরএ চেয়ারম্যান এবং বীমা কোম্পানি কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সবকিছু মিলিয়ে দুই পক্ষের দুই রকম বক্তব্য মনে হয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক বিষয়টি বের করে আনা। এজন্য বিশেষ নিরীক্ষক নিয়োগ দিয়েছি।
আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, মামলা-পাল্টা মামলাসহ নানা ঘটনার পর গত ১১ ফেব্রুয়ারি আইডিআরএর সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে ডেল্টা লাইফের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বীমা নিয়ন্ত্রক সংস্থা। জীবন বীমা তহবিল বাড়িয়ে দেখানো, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়সহ নানা অনিয়ম ও পলিসি হোল্ডারদের স্বার্থে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বরখাস্ত করে চার মাসের জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানায় আইডিআরএ। একই দিনে কোম্পানিটির বিরুদ্ধে ৩৫ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলাও করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে আইডিআরএ চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করে ডেল্টা লাইফ। আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ আচরণেরও’ অভিযোগ আনে প্রতিষ্ঠানটি। তবে প্রশাসক নিয়োগের পর আইডিআরএ চেয়ারম্যান এম মোশারফ হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা উৎকোচ চাওয়ার অভিযোগটি গত ১৭ ফেব্রুয়ারি প্রত্যাহার করে নেয় ডেল্টা লাইফ। দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে এ অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন ডেলটা লাইফের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট পল্লব ভৌমিক, যিনি এ অভিযোগ করেছিলেন। এক চিঠির মাধ্যমে অভিযোগ প্রত্যাহারের জন্য পল্লব ভৌমিককে আদেশ দেন কোম্পানিটির প্রশাসক সুলতান-উল আবেদীন মোল্লা।
