জয়পুরহাট শহরের একটি হাসপাতালে এক নবজাতককে তার বাবা-মা ও স্বজনরা ফেলে পালিয়ে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে বাবু নামে চারদিন বয়সী ওই নবজাতকের মৃত্যু হয়। এর আগে গত রবিবার রাতে ওই নবজাতক ও তার মাকে ওই হাসপাতালে ভর্তি করেন জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের সাগর নামে এক ব্যক্তি। ওই সময় নিজেকে শিশুটির বাবা হিসেবে পরিচয় দেন তিনি।
হাসপাতাল সূত্র জানায়, রবিবার রাত পৌনে ৮টার দিকে ওই নবজাতক ও তার মাকে হাসপাতালে ভর্তি করানো হয়। নবজাতকটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু রাতের কোনো একসময় তার মা-বাবা ও স্বজনরা তাকে রেখে পালিয়ে যায়। পরে গতকাল ভোররাতে ওই শিশুটির মৃত্যু হয়।
হাসপাতালটির আরএমও ডা. খন্দকার মিজানুর রহমান বলেন, একপর্যায়ে বিষয়টি কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের নজরে আসে। এরপর অনেক খোঁজাখুঁজি করেও নবজাতকটির স্বজনদের কোনো হদিস না পাওয়ায় পুলিশকে জানানো হয়।
জয়পুরহাট থানার এসআই শামিদুল্লাহ সরকার বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে ছুটে যাই। নবজাতকটির বাবা-মাকে শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
