ট্রাফিকের টাকা দাবি, চালকের আত্মহত্যার চেষ্টা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫৮ এএম

সিদ্ধিরগঞ্জে ট্রাফিক পুলিশের দাবি করা টাকা পরিশোধ করে গাড়ি ছাড়াতে না পেরে নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন জুম্মন (৩০) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইকচালক। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে জেলা ট্রাফিক পুলিশের ডাম্পিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। আহত জুম্মন মিজমিজি টেরামার্কেট এলাকার ভাড়াটিয়া।

জানা গেছে, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ডাচ্ বাংলা ব্যাংকের সামনে ইউটার্ন এলাকায় ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে একটি গাড়ি উল্টে যায়। অন্যটি পালিয়ে যায়। খবর পেয়ে রেকার অপারেটরের দায়িত্বে থাকা এটিএসআই রাশেদ উল্টে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করে শিমরাইল ডাম্পিং স্টেশনে রেখে দেন। পরে ইজিবাইকচালক জুম্মন ডাম্পিং স্টেশনে গিয়ে গাড়ি ছাড়াতে চাইলে এটিএসআই রাশেদ রেকার বিল বাবদ ২ হাজার টাকা দাবি করেন বলে আশপাশের দোকানদাররা জানান। দাবি করা টাকার কমে গাড়ি ছাড়াতে না পেরে জুম্মন নিজেই তার পেটে ছুরিকাঘাত করেন। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে মহাসড়কে নির্বিঘে্ন চলছে ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা ও সিএনজি। একাধিক চালক জানান, ট্রাফিক পুলিশ নিয়মিত প্রতি গাড়ি থেকে মাসোহারা নিচ্ছে।

টাকার দাবির অভিযোগ অস্বীকার করে এটিএসআই রাশেদ বলেন, দুই গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটে। একটি পালিয়ে যায়। আরেকটির মালিক না পেয়ে উদ্ধার করে ডাম্পিং স্টেশনে নিয়ে যাই। পরে চালক জুম্মন ডাম্পিং স্টেশনের সামনে গিয়ে নিজেই নিজের পেটে ছুরিকাঘাত করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আমি জুম্মনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

শিমরাইল মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের টিআই আবদুল করিম জানান, আহত গাড়ি চালকের আচরণে মনে হয় সে মাদকাসক্ত। তা না হলে এমন কাজ করত না। কী কারণে পেটে ছুরিকাঘাত করেছে জানতে চাইলে সে জানায় মনের দুঃখে। তবে টাকা দাবির বিষয়টি অস্বীকার করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত