নিউজিল্যান্ডে অতীতের গল্প বদলাতে চান তামিমরা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৩ পিএম

তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

মঙ্গলবার বিকেলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ক্রাইস্টচার্চের উদ্দেশ্যে যাত্রা টাইগাররা। ২০ সদস্যদের দলের সঙ্গে কর্মকর্তা ও কোচিং স্টাফ মিলে বাংলাদেশের বহর ৩৫ জনের।

দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমকে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, তাসমান সাগর পাড়ে এবার অধরা জয়কে মুঠোবন্দী করতে চান তারা। সৌম্য সরকারও বলেছেন একই বিশ্বাসের কথা।

নিউজিল্যান্ডের মাটিতে এখনো কোনো দ্বিপক্ষীয় সিরিজে জয় পায়নি বাংলাদেশ। কিউইদের বিপক্ষে এর আগে তাদের দেশে তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি। নিউজিল্যান্ডের মাটিতে প্রতিবারই বাংলাদেশ দলকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে।

ওয়ানডে অধিনায়ক তামিম বলে গেলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই আমাদের জন্য কঠিন। তবে অসম্ভব কিছুই না। নিউজিল্যান্ডে আমরা যা কোনো দিন অর্জন করতে পারিনি, চেষ্টা করব এবার যেন সেটা বদল করতে পারি। আমরা আশাবাদী।’

সময়টা এমনিতে ভালো যাচ্ছে না টাইগারদের। করোনা পরবর্তী সময়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে তারা। ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলেও, টেস্টে নিজেদেরই পেতে হয় হোয়াইটওয়াশের স্বাদ।

তবে সৌম্য সরকার আশাবাদী এখন থেকে ঘুরে দাঁড়াতে। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়কে প্রেরণা হিসেবে নিচ্ছেন তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে আমরা ভালো করেছি। নিউজিল্যান্ডেও ওয়ানডে সিরিজ আছে। আশা করি ভালো ফল নিয়ে ফিরতে পারব।’

নিউজিল্যান্ডে এখনো জয় অধরা থাকা প্রসঙ্গে বলেন, ‘সেখানে যে ধারা আছে, সেটা যেন আমরা ভাঙতে পারি, জিতে যেন ফিরতে পারি, সেই আশা থাকবে।’

করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের এটিই হতে যাচ্ছে প্রথম বিদেশ সফর। নিউজিল্যান্ডে মাঠের বাইরের চ্যালেঞ্জটাও অনেক বেশি। কারণ কঠোর কোয়ারেন্টাইন বিধি মানতে হবে সেখানে।

১৪ দিনের কোয়ারেন্টাইন পর্বে প্রথম সাত দিন থাকতে হবে একেবারেই হোটেলবন্দী। অষ্টম দিন থেকে জিম-হালকা অনুশীলনের সুযোগ মিলবে। পুরো কোয়ারেন্টাইন পর্ব শেষে কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ দল। তৈরি হবে মাঠের লড়াইয়ের জন্য।

২০ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। যা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। ২৩ ও ২৬ মার্চ সিরিজের পরের দুই ওয়ানডে।

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ তিনটি হবে- ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল:

তামিম ইকবাল (ওয়ানডে অধিনায়ক), মাহমুদউল্লাহ (টি-টোয়েন্টি অধিনায়ক), মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদি হাসান ও নাসুম আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত