গেল মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ‘সারপ্রাইজ প্যাকেজ’ ছিল আতালান্তা। প্রথমবারের মতো খেলতে এসেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ইতালির ছোট শহর বারগেমোর দলটি। এবার তারা গ্রুপ রানার্সআপ হয়ে পা দিয়েছে প্রি-কোয়ার্টারে। সেই পর্বেরই প্রথম লেগে আজ নিজেদের মাঠে আতিথেয়তা দেবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে। প্রথম পর্বে রিয়ালের গ্রুপে থাকা বরুশিয়া মনশেনগ্লাডবাখ নিরপেক্ষ ভেন্যু হাঙ্গেরির পুসকাস অ্যারেনাতে পরীক্ষা দেবে ম্যানচেস্টার সিটির সঙ্গে। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
লা লিগাতে নিজেদের শেষ চার ম্যাচ জিতে দারুণ ছন্দে রিয়াল মাদ্রিদ। তবে জিনেদিন জিদানের চিন্তা আজ দলের ফরোয়ার্ড লাইনসহ একাদশ সাজানো নিয়ে। অভিজ্ঞ করিম বেনজেমাকে রেখেই আতালান্তায় খেলতে গেছে তারা। গোড়ালির গাঁটের চোটে আছেন এই ফরাসি। ইতালিতে যাওয়া ১৯ জনের স্কোয়াডে বেনজেমা ছাড়াও নেই অধিনায়ক সার্জিও রামোস, ইডেন হ্যাজার্ড, মার্সেলো, দানি কারভাহাল, এদের মিলিতাওসহ আরও কিছু খেলোয়াড়। আগে থেকেই ইনজুরিতে আছেন তারা। এবার চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে ছয় ম্যাচের মধ্যে দুটিতে হার এবং এক ম্যাচে ড্র করেছিল রিয়াল। দুই হারই ছিল শাখতার দোনেৎস্কের সঙ্গে। এ ছাড়া এক ম্যাচ ড্র করে মনশেনগ্লাডবাখের সঙ্গে।
গত বছর আরেক স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে হারিয়ে কোয়ার্টারে ওঠা আতালান্তা এবার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ চার ম্যাচে অপরাজিত। রবিবার সিরি আ-তে নিজেদের মাঠে আতালান্তা ৪-২ গোলে হারিয়েছে নাপোলিকে। এবার চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে লিভারপুল ও আয়াক্সের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ জিতেছে তারা। তাই এই দলটিকে নিয়ে বেশ ভাবতে হবে জিদানকে।
মনশেনগ্লাডবাখের হোম ম্যাচ ছিল। কিন্তু করোনার কারণে যুক্তরাজ্য থেকে জার্মানিতে ঢোকার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় গ্লাডবাখকে ম্যাচ আয়োজন করতে হচ্ছে অন্য দেশে। ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১৩ ম্যাচ জিতেছে। বর্তমানে লিগ টেবিলের শীর্ষে তারা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৫ ম্যাচ অপরাজিত পেপ গার্দিওলার দল। এবার চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বে সিটি পাঁচটিতে জিতেছে, ড্র করেছে একটি। সাম্প্রতিক ফর্ম এবং বড় দল হিসেবে গ্লাডবাখের সঙ্গে ফেভারিট হিসেবেই মাঠে নামবে ম্যানসিটি। তবে ইউরোপসেরার টুর্নামেন্টে গ্লাডবাখের এবারের পারফরম্যান্স দেখলে বোঝা যাবে তারা যোগ্য দল হিসেবেই এসেছে প্রি-কোয়ার্টার পর্বে। গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদ (২-২) ও ইন্তার মিলানের (২-২) সঙ্গে একটি করে ম্যাচে ড্র করেছে মনশেনগ্লাডবাখ। যেই শাখতারে দুবার পা কেটেছিল রিয়ালের তাদের মনশেনগ্লাডবাখ দুই লেগ মিলে দিয়েছে ১০ গোল। ছয় ম্যাচের দুটিতে জয় এবং দুই ড্র-তে প্রি-কোয়ার্টারে পৌঁছায় জার্মান দলটি। গ্লাডবাখ বুন্দেসলিগায় শেষ তিন ম্যাচে জয় পায়নি। দুটিতে হার, ড্র একটি।
