দীর্ঘদিন পর গানে সামিনা চৌধুরী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫০ এএম

দীর্ঘদিন পর নিয়মিত গানে ফিরলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। সম্প্রতি বেশ কয়েকটি গানে কাজ করেছেন সামিনা। এর মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তৈরি একটি গান সম্প্রতি প্রকাশ হয়েছে অনলাইনে। গানের শিরোনাম ‘রক্ত জরিমানা’। ‘রক্ত জরিমানা’ গানের কথা লিখেছেন রাজিব ভৌমিক আর সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পঙ্কজ।

গানটি নিয়ে সামিনা চৌধুরী বলেন, আমরা যেসব গান গাই, একেকটা গানের লেখার ধরন একেক রকম। সুরও অন্য রকম। এ গানে ভাষা আন্দোলনের একটি চমৎকার গল্প তুলে আনা হয়েছে। গানটি অনেকটা ওই সময়ের স্মৃতিচারণার মতো। আমার কাছে সুরটা মনে ধরেছে। খুবই মেলোডিয়াস। কথাও ভালো লেগেছে। গেয়েও তৃপ্ত হয়েছি। অনেক দিন পর ভাষা দিবসের সুন্দর একটি গানের অংশ হলাম। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

তিনি জানান, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ও শহীদ মিনার এলাকায় ‘রক্ত জরিমানা’ গানের ভিডিওর শ্যুটিং হয়েছে।

এর আগে গত বছর কৌশিক শংকর দাসের ‘পাঞ্চ’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। ‘এখনো অলস রাত বাকি’ গানের সংগীত পরিচালনা করেছেন নকীব খান। এর সুরও করেছেন তিনি। আবারও গানে ফেরার বিষয়ে সামিনা চৌধুরী বলেন, ‘দীর্ঘ বিরতির পর আবারও গানে নিয়মিত হচ্ছি। ভাষা দিবসের গানটি ছাড়াও সিনেমার গানে কণ্ঠ দিলাম। দুটি গানেরই কথা ও সুর মিলিয়ে অসাধারণ হয়েছে।’

এদিকে এই শিল্পী সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের দিকেও মনোযোগী হয়েছেন। গত ৩১ জানুয়ারি নিজের চ্যানেলে নিয়ে এসেছেন নতুন গান। ‘মনে হয় চলে যাই দূরে কোথাও’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার এবং গানটির সুর ও কথা লিখেছেন মো. আবদুল বারী। অনেক আগেই নিজের নামে ইউটিউব চ্যানেল করলেও আনুষ্ঠানিকভাবে এর আগে কিছু জানাননি। নতুন এই গানটি প্রকাশের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে “সামিনা চৌধুরী’স স্টুডিও” নামে চ্যানেলটির ঘোষণা দেন তিনি।

ইউটিউব চ্যানেল প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘নিজের নামে ইউটিউব চ্যানেল অনেক আগেই করার পরিকল্পনা ছিল। শুরু করেও সে সময় আর এত গুরুত্ব দেইনি। করোনার সময়টায় অনেকেই আমাকে আবারও চ্যানেলটি নিয়ে কাজ করার পরামর্শ দেন। ঘরবন্দি সময়টায় চ্যানেলটায় নিয়মিত কনটেন্ট দিলে মানুষের কাছে পৌঁছানো সম্ভব বলেও পরামর্শ দেন। সেই ভাবনা থেকেই এবার শুরু। সলো গানের পাশাপাশি ছোট ছোট ভিডিও, রান্নার ভিডিওসহ আমি যে অনুষ্ঠানগুলো করি; সে সবের কিছু ফুটেজ নিয়মিতভাবে চ্যানেলটিতে দেওয়া হবে।’

তবে তার চ্যানেলে বহু আগে আরও দুটি গান প্রকাশ করেছিলেন। তিনি জানান, একটি ছিল পহেলা বৈশাখ নিয়ে গান, আরেকটি গান প্রকাশ করেন গত বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ‘ভুলব না ভুলব না কোনো দিন’ শিরোনামের গান।

সামিনা চৌধুরী বলেন, এখনো নতুন গানের শ্যুটিং করছি। আশা করছি এ মাসেই আরও একটি বা দুটি গান আমার ইউটিউব চ্যানেলে রিলিজ দিতে পারব।

উল্লেখ্য, নন্দিত ও অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী সামিনা চৌধুরীর সংগীতজীবন শুরু হয় খুব ছোটবেলায়। ১৯৭৭ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়–য়া সামিনা চৌধুরী নতুন কুঁড়ির সংগীত প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে প্রথম স্থান অধিকার করে সবার দৃষ্টি আকর্ষণ করেন। ১৯৮১ সালে প্লেব্যাক গায়ক হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত