সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৭ এএম

সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মুক্তিযোদ্ধাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার ঝাঁঐল ইউনিয়নের কোনাবাড়ি এলাকার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মুক্তিযোদ্ধা ফজলুল হক (৭০), শেরপুর উপজেলার বিমল চন্দ্র (৪৫) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আব্দুল হান্নান (৬০)। বাকি দু’জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, ময়মনসিংহগামী যুগান্তর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সয়াবিন তেলবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচলে বিঘœ ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছে।

এছাড়া একইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক, হবিগঞ্জের বাহুবলে বাসের ধাক্কায় এক অটোরিকশাচালক ও রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে

চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর বাবু মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিণপাড়ার আবদুল হামিদ (২৪) ও রাশেদ আলীর ছেলে আবদুর রহিম (২৮)। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রশিকনগর বাবু মোড়ে সোনামসজিদ স্থলবন্দরগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।

হবিগঞ্জ : বাহুবলে বাসের ধাক্কায় তোফায়েল (২৩) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বাগানবাড়ি এলাকার স্টার ব্রিক ফিল্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাহুবল থানার ওসি (তদন্ত) আলমগীর কবীর জানান, সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বাগানবাড়ি চেকপোস্টে কর্মরত পুলিশ হবিগঞ্জগামী একটি অটোরিকশাকে থামার জন্য সংকেত দেয়। এ সময় চালক তোফায়েল সংকেত না মেনে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় বিপরীতমুখী একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক তোফায়েলের মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রাজশাহী : নগরীর শাহমখদুম থানা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জামাল উদ্দিন (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর সিটিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় যাত্রীবাহী বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। সিটিহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান জানান, বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত