নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৮ এএম

নোয়াখালীর সেনবাগে তাহমিনা আক্তার মিনা (৫৬) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সেনবাগের সাদেকনগর গ্রামের মজিদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা ওই বাড়ির আবদুর রব বাবুলের স্ত্রী। দুই সন্তানের জননী ছিলেন তিনি। এ ঘটনায় স্বামী আবদুর রব প্রকাশ বাবুল ড্রাইভারকে (৬০) আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকা- ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ঠাকুর পলশা গ্রামে মিলি বেগম (২০)  নামে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রধান আসামি স্বামী জহুরুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালীর ঘটনায় স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল দীর্ঘদিন পর্যন্ত সৌদি আরবে ছিলেন। পাঁচ-ছয় মাস আগে দেশে আসার পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী তাহমিনার সঙ্গে মনোমালিন্য চলছিল তার। গতকাল সকালে বাবুলের ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর ঝগড়া শুনতে পায় বাড়ির লোকজন। কিছুক্ষণ পর তারা তাহমিনার চিৎকার শুনে ঘরে গিয়ে বাথরুমে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এ সময় বাবুলের হাতে রক্তমাখা একটি ছুরি ছিল।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামী বাবুলকে আটক ও হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ঘটনায় সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী জহুরুল বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই নিহত হন মিলি। এ ঘটনায় মিলির মা মেরিনা খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জহুরুল ও তার বাবা খাইরুল ইসলামের বিরুদ্ধে রাতেই হত্যা মামলা করেন।

ওসি আরও জানান, হত্যাকা-ের পর ট্রেনযোগে পালিয়ে যাওয়ার সময় মিলির শ্বশুর খাইরুলকে সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এবং স্বামী জহুরুলকে গতকাল ভোরে গোদাগাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নেত্রকোনায় ঘরে নারীর বস্তাবন্দি লাশ : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বসতঘরের ভেতর থেকে হাত ও মুখ বাঁধা এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শুক্লা সাহা (৩৬)। গতকাল দুপুর আড়াইটার দিকে তাতিরকোনা গ্রামে রুবিনা নামে এক নারীর বসতঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। শুক্লা একই গ্রামের সুকুমার চন্দ্র সাহার স্ত্রী। এ ঘটনায় এরশাদ মিয়ার স্ত্রী রুবিনা (৩৬) ও তার ছেলেকে আটক করেছে পুলিশ।

দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর জানান, রুবিনা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকা-ের দায় স্বীকার করেছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর দায় স্বীকারের বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। তদন্তের পরে বিষয়টি জানা যাবে।

গাজীপুরে যুবকের লাশ উদ্ধার : গাজীপুরে মাটিতে পুঁতে রাখা হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে জিএমপির পুবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কড়মতলা এলাকায় ক্রিসেন্ট কেমিক্যাল কারখানা সংলগ্ন সড়কের পাশে মাটির নিচে চাপা দেওয়া এক ব্যক্তির হাত দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। লাল রঙের প্যান্ট এবং কালো ও বেগুনি রঙের গেঞ্জি পরিহিত নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার মুখে দাড়ি রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যার পর লাশ সেখানে মাটির নিচে চাপা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত