নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন না নারী

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ৪ এপ্রিল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৩ এএম

বাংলাদেশের সামাজিক ও বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো মুসলিম নারী নিকাহ রেজিস্ট্রার বা কাজী হতে পারবেন না হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানির জন্য আগামী ৪ এপ্রিল দিন ধার্য হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ বিষয়ে আপিল বিভাগে শুনানির জন্য এদিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফওজিয়া করিম ফিরোজ। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি খারিজ করে রায় দেয় হাইকোর্ট। ফলে বাংলাদেশের সামাজিক ও বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে নারীরা নিকাহ রেজিস্ট্রার হতে পারবে না বলে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তটি বহাল থাকে। গত ১০ জানুয়ারি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলকারী ‘ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট’র চেয়ারম্যান অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা আপিল ফাইল করেছিলাম। আজ (গতকাল) এটি চেম্বার আদালতে উপস্থাপন করি। আদালত এ বিষয়ে ৪ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বলে আমাদের জানিয়েছেন।’

২০১৪ সালে দিনাজপুর জেলার ফুলবাড়িয়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার হিসেবে তিনজন নারীরর নাম প্রস্তাব করে সংশ্লিষ্ট উপদেষ্টা কমিটি। সুপারিশের এ বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। ২০১৪ সালের ১৬ জুন আইন মন্ত্রণালয় এক চিঠিতে তিন সদস্যের এ প্যানেল বাতিল করে জানায়, বাংলাদেশের বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে নারীদের দ্বারা নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পালন করা সম্ভব নয়। আইন মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন নিকাহ রেজিস্ট্রারের প্যানেলের এক নম্বর ক্রমিকে থাকা আয়েশা সিদ্দিকা। শুনানি নিয়ে আইন মন্ত্রণালয়ের ওই চিঠি কেন বাতিল করা হবে না এ মর্মে রুল জারি করে হাইকোর্ট। পরে রুলটি খারিজ করে রায় দেয় হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত