শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আরেকটি নির্দেশনা আছে যে, শিক্ষকদের ভ্যাকসিনেট করা। শিক্ষকরা তো বেশিরভাগই ৪০ বছরের ঊর্ধ্বে আছেন, কাজেই তারা ভ্যাকসিন এমনিতেই পেয়ে যাবেন। আমরা শিক্ষকদের অগ্রাধিকারের সঙ্গে ভ্যাকসিন দিয়ে দেব।’ গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
জাহিদ মালেক বলেন, ‘শিক্ষকদের বয়স ৪০ বছরের নিচে হলেও তাদের আমরা বিবেচনায় নেব। আমরা শিক্ষকদের আহ্বান করব তারা যেন টিকা নিয়ে নেন। শিক্ষার্থীদের বিষয়ে যেভাবে সরকারি সিদ্ধান্ত আছে সেভাবে কাজ করব। শিক্ষার্থীদের যারা ১৮ বছরের নিচে তাদের আমরা ভ্যাকসিন দিতে পারব না। বয়স ১৮ বছরের উপরে যারা আছে এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত যা আসবে তা আমরা অনুসরণ করব।’
তিনি আরও বলেন, ‘(প্রধানমন্ত্রী) আমাদের পাইলটদের আগে আগে ভ্যাকসিন দিয়ে দিতে বলেছেন। ক্রু যারা আছেন, যারা বন্দরে কাজ করেন সমুদ্রবন্দর, স্থলবন্দর তাদেরও ভ্যাকসিন আগে দিয়ে দিতে বলেছেন। তারা তো ফ্রন্টলাইন ওয়ার্কার। তারা এমনিতেও আগে পাবেন। তাদের বয়সের কারণেও তারা আগে পাবেন। এ বিষয়গুলো আমলে নিয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিদেশে যেতে হলে ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও করোনা নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। যে দেশে যাবে সে দেশ তো দেখতে চাইবে যে সে ডাবল ডোজ নিয়েছে কি না বা কতদিন আগে নিয়েছে। কাজেই এটা (করোনা নেগেটিভ সনদ) অবশ্যই লাগবে। তাকে বিদেশে ডাবল ডোজের সার্টিফিটেক নিয়ে যেতে হবে। ডাবল ডোজ নেওয়ার পরও করোনা নেগেটিভ সনদ লাগবে। দুটোই লাগবে।’
