২ লাখের নিচে নামল দৈনিক টিকাগ্রহীতা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৫ এএম

দেশে করোনাভাইরাসের টিকাগ্রহীতার সংখ্যা টানা ৬ দিন পর দুই লাখের নিচে নেমেছে। গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় সারা দেশে ১ লাখ ৮২ হাজার ৮৯৬ জন টিকা নিয়েছেন, যাদের মধ্যে পুরুষ ১ লাখ ১৫ হাজার ৩১৮ জন ও নারী ৬৭ হাজার ৫৭৮ জন। টিকাদান সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এদিকে আগামী ৭ এপ্রিল থেকে করোনার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু করবে সরকার।বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন।

দেশে টিকা কার্যক্রম শুরুর পর গতকাল পর্যন্ত সর্বমোট ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ৩৪ হাজার ৩৩ এবং নারী ৮ লাখ ৫৭ হাজার ২০ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান শুরুর পর গত ১১   ফেব্রুয়ারি ২৪ ঘণ্টায় টিকাগ্রহীতার সংখ্যা প্রথমবার দুই লাখের ওপরে ওঠে। পরের তিন দিন গ্রহীতার সংখ্যা দুই লাখের নিচে থাকলেও ১৫ ফেব্রুয়ারি থেকে গত ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন টানা দুই লাখের বেশি মানুষ টিকা নেন। কিন্তু গতকাল টিকাগ্রহীতার সংখ্যা ফের দুই লাখের নিচে নামল।

অধিদপ্তরের তথ্যমতে, গতকাল ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর ৪৭টি হাসপাতাল ও কেন্দ্রে ২৯ হাজার ৭ জন টিকা নিয়েছেন। এছাড়া গতকাল পুরো ঢাকা বিভাগে ৪০ সহ¯্রাধিক পুরুষ ও ২১ সহ¯্রাধিক নারীসহ মোট টিকা নিয়েছেন ৬২ হাজার ২৩৯ জন, যা বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ। অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে এদিন ২৩ হাজার ৬৩৮ পুরুষ ও ১৪ হাজার ৭০ নারীসহ টিকা নিয়েছেন ৩৭ হাজার ৭০৮ জন। খুলনায় ১৩ হাজার ৯৪০ পুরুষ ও ৮ হাজার ৮৭৬ নারীসহ ২২ হাজার ৮১৬ জন, রাজশাহীতে ১১ হাজার ৪৫৪ পুরুষ ও ৭ হাজার ১৯৭ নারীসহ ১৮ হাজার ৬৫১ জন, রংপুরে ৯ হাজার ৭৬১ পুরুষ ও ৬ হাজার ৪ নারীসহ ১৫ হাজার ৭৬৫ জন, সিলেটে ৫ হাজার ৬১৫ পুরুষ ও ৩ হাজার ৪৭১ নারীসহ ৯ হাজার ৮৬ জন, বরিশালে ৫ হাজার ৪২৪ পুরুষ ও ৩ হাজার ১৯ নারীসহ ৮ হাজার ৪৪৩ জন এবং সর্বনি¤œ ৪ হাজার ৯৪৪ পুরুষ ও ৩ হাজার ২৪৪ নারীসহ ৮ হাজার ১৮৮ জন টিকা নিয়েছেন ময়মনসিংহে।

এছাড়া গতকাল পর্যন্ত ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৭ লাখ ২১ হাজার ১৯ জন, যা বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ। এছাড়া চট্টগ্রামে ৫ লাখ ৬০ হাজার ১৫৩ জন, খুলনায় ২ লাখ ৯৭ হাজার ৪৫৩ জন, রাজশাহীতে ২ লাখ ৮১ হাজার ৫৮৩ জন, রংপুরে ২ লাখ ৩০ হাজার ১৫০ জন, সিলেটে ১ লাখ ৬৮ হাজার ৫৬০ জন, বরিশালে ১ লাখ ২০ হাজার ৬১১ জন এবং ময়মনসিংহে সর্বনি¤œ ১ লাখ ১১ হাজার ৫২৪ জন টিকা নিয়েছেন।

দ্বিতীয় ডোজের টিকা ৭ এপ্রিল থেকে : দেশব্যাপী করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে। গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভাশেষে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ৭ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। তখন আট সপ্তাহ হবে। তাতে ইমিউনিটি ভালো হয়। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন। পাশাপাশি যারা প্রথম ডোজ নেবেন, সেটাও চলমান থাকবে। এ পর্যন্ত ৩৬ লাখ গ্রহীতা টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন বলে জানান মন্ত্রী।

গত ২৭ জানুয়ারি ২৬ জনকে টিকা দেওয়ার মাধ্যমে দেশে সর্বপ্রথম টিকা কার্যক্রমের উদ্বোধন হয়। পরের দিন আরও ৫১৫ জনসহ ওই দুই দিন মোট ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। এরপর দেশব্যাপী গণটিকাদান শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত