বাংলার ঋতুতে যখন বসন্তের আগমন, তার সঙ্গে তাল মিলিয়ে সুদূর প্রবাসে বাংলা ভাষাভাষীদের আনন্দোৎসব চলে দিনভর। সুনীল-নির্মল আকাশের নিচে রংবেরঙের ফুল দিয়ে সাজানো মঞ্চ আর উপস্থিত সকলের বর্ণিল পোশাকে মুখরিত ছিল দিনটি।
এ আলাপের প্রসঙ্গ— অস্ট্রেলিয়ার সিডনির ইঙ্গেলবার্ন এলাকায় শনিবার অনুষ্ঠিত হয় বাঙালিদের সারা দিনব্যাপী মিলনমেলা।
আমাদের কথা নামের ফেইসবুকের একটি নারী সংগঠন আয়োজন করে এই পারিবারিক আড্ডা-উৎসবের।
অনুষ্ঠানে বড়দের পাশাপাশি প্রধান আকর্ষণ ছিল শিশু-কিশোরদের বাংলায় গান-নাচ ও কবিতা আবৃত্তি।
অনুষ্ঠানে আরও ছিল পিঠা-পায়েস, মোয়া-নাড়ুসহ বিভিন্ন দেশীয় খাবারের সমারোহ।
বিদেশের মাটিতে নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে এবং প্রবাসী জীবনে কিছু সময়ের জন্য দেশীয় আমেজে পরিবার নিয়ে সময় কাটানোর জন্যই মূলত এই আয়োজন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যান্টাবারি সিটি কাউন্সিলের কাউন্সিলর শাহ জামান টিটু, মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যম্পেলটাউনের এনাম হক ও হরি অধিকারী, বাসভূমি টেলিভিশনের কর্ণধার আকিদুল ইসলাম, আলোকিত নারী সংগঠনের পরিচালক শামীমা সুমি, ফাগুন হাওয়া সিডনির সম্পাদক সাজেদা আক্তার সানজিদা ও সভাপতি তিশা তানিয়া। উপস্থিত ছিলেন ফ্যাশন হাউস লেইস ফিতার স্বত্বাধিকারী তাম্মি পারভেজ ও স্বদেশ বার্তা পত্রিকার স্বত্বাধিকারী সুমী আজাদসহ অন্যরা।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন পূরবী পারমিতা বোস ও মঞ্জুশ্রী মজুমদার, উপস্থাপনায় কিশোয়ার সুলতানা ও সহযোগিতায় নীলুফার ইয়াসমিন। শব্দ পরিচালনা ও সাজসজ্জায় শাম্মী আহমেদ, আবদুল্লাহ আল মামুন ও মইনুল হাসান।
অনুষ্ঠানের সমাপ্তি আয়োজনে আমাদের কথা’র সদস্যদের উপস্থিতিতে গ্রুপের নাম সংবলিত কেক কাটা হয়।
