বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও খ্যাতিমান ব্যাংকার, অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের দাফন তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে সম্পন্ন হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টায় স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে খোন্দকার ইব্রাহিম খালেদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
পরে জেলা শহরের ব্যাংকপাড়ার পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে রাত ৯টার দিকে তার লাশ দাফন করা হয়।
জানাজায় বিচারপতি খোন্দকার মুছা খালেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক যোগ দেন।
এর আগে সন্ধ্যা ৭টায় সড়ক পথে খোন্দকার ইব্রাহিম খালেদের মরদেহ গোপালগঞ্জ জেলা শহরের ব্যাংকপাড়ায় নিজ বাড়িতে এসে পৌঁছায়।
খবর শুনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ তার বাড়িতে ভিড় জমান। তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তারা তাকে শেষ শ্রদ্ধা জানান।
বুধবার সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় খোন্দকার ইব্রাহিম খালেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
খোন্দকার ইব্রাহিম খালেদ ১৯৪১ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ও আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করে ১৯৬৩ সালে ব্যাংকিং পেশায় যুক্ত হন।
