জীবিকার সন্ধানে ভ্রমণ ভিসায় ইউরোপের দেশগুলোতে যাওয়ার উদ্দেশে দুবাই হয়ে লিবিয়া গিয়েছিলেন ১৪৮ বাংলাদেশি। কিন্তু সেখানেই বিপর্যয় দেখা দেয়। তারা সেখানে ধরা পড়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওম) হেফাজতে ছিলেন। এমন ১৪৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বুধবার সকাল সাড়ে নয়টায় বিশেষ বিমানে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। একই ফ্লাইটে লিবিয়ায় বিভিন্ন সময় মৃত্যুবরণকারী সাত প্রবাসী বাংলাদেশির মরদেহ পাঠানো হয়েছে।
বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, সকাল সাড়ে নয় টায় ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। এরপর প্রবাসী কল্যাণ ডেস্ক ও আর্মড পুলিশের সহায়তায় (এপিবিএন) সহায়তায় তাদের খাবারসহ জরুরি সহায়তা দেয় ব্র্যাকের একটি দল। এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওম) তাদের বাড়ি যাওয়ার জন্য প্রত্যেককে অর্থ সহায়তা দিয়েছে। সকালে নামলেও বিমানবন্দরে তাদের আনুষ্ঠানিকতা শেষ হয় বিকেলে। তারা ইউরোপ যাওয়ার উদ্দেশে লিবিয়া গিয়েছিলেন বলে আমরা জেনেছি।
বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, লিবিয়া থেকে বাংলাদেশিদের নিয়ে ফ্লাইটিট বেনিনা বিমানবন্দর থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ফেরত আসা বাংলাদেশিদের বেশির ভাগই ভ্রমণ ভিসায় দুবাই হয়ে ইউরোপের উদ্দেশে লিবিয়া গমন করেছিলেন। প্রতিবছর এভাবে বিপুলসংখ্যক বাংলাদেশি লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে। তাদের মতো আরও কজন বাংলাদেশি ইউরোপের যাওয়ার পথে বিভিন্ন দেশে আটকা পড়েছেন বলে জানা গেছে।
