৪৪০ কোটি টাকার ৪ ক্রয় প্রস্তাব অনুমোদন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩১ এএম

৪৪০ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে ৪টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

গতকাল বুধবার এক ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল। সভা শেষে তিনি বলেন, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৮ম সভা হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৪টি প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবগুলোর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি প্রস্তাব ছিল। কমিটির অনুমোদিত ৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৪৪০ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ৭৩৯ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৩৫০ কোটি ৩ লাখ ১০ হাজার ৭৩৯ টাকা এবং দেশীয় ব্যাংক থেকে ঋণ ৯০ কোটি ৭২ লাখ ৬৬ হাজার টাকা।

অতিরিক্ত সচিব বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এজন্য ব্যয় হবে ৯০ কোটি ৭২ লাখ ৬৬ হাজার টাকা। তিনি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর কর্র্তৃক ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ’ প্রকল্পে ব্যয় হবে ৮৯ কোটি ১৭ লাখ ২৩ হাজার ২২৯ টাকা।

অতিরিক্ত সচিব বলেন,  ‘ঢাকার কেরানীগঞ্জ থেকে মুন্সীগঞ্জের হাসাড়া পর্যন্ত জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের একটি প্যাকেজের পূর্ত কাজের ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে মীর আক্তার হোসাইন লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রকল্পটিতে ব্যয় হবে ১৮০ কোটি ৯ লাখ ৯৫ হাজার ৯৯৫ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত