সব কাজ করছি পেশাদারিত্বের সঙ্গে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৬ এএম

জনপ্রিয় সংগীতশিল্পী সালমা খুব ব্যস্ত সময় পার করছেন। নিয়মিত গান প্রকাশ করছেন গাইছেন কনসার্টেও। আজ তার ইউটিউব চ্যানেলে ‘ভালোবাসি’ শিরোনামের একটি গান প্রকাশ হবে। এই তারকার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

‘ভালোবাসি’...

মহামারী অনেকটাই কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরছি। মনে হলো, অনেকদিন তো কাজ বন্ধ করে রাখলাম, এবার কাজে ফেরা যাক। ফিরেই প্রচুর কাজ করেছি। প্রতিনিয়ত নতুন গান করছি। তারই ধারাবাহিকতায় আজ আমার ইউটিউব চ্যানেল সালমা মিউজিকে আসছে আমার নতুন আধুনিক গান ‘ভালোবাসি’। এ মিজানের কথায় গানটির সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ। এই গানটি অবশ্য অনেক আগেই প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু খুব বাজে অভিজ্ঞতা হয়েছিল। রিয়াজ আহমেদ নামের এক ফটোগ্রাফার আমাকে অনেকদিন ধরে বলছিল, আপা আমাকে আপনার মিউজিক ভিডিও করার সুযোগ দেন। আমরা যারা প্রতিষ্ঠিত শিল্পী, তাদের দায়িত্ব নতুনদের সুযোগ করে দেওয়া। এজন্য তাকে এই গানটিসহ আরও দুই তিনটি গান দিয়েছিলাম। গানগুলো খুব সুন্দর হয়েছে বলে চেয়েছিলাম বড় বাজেটে মিউজিক ভিডিও নির্মাণ করার। কিন্তু সে আমার চার লাখ টাকা আত্মসাৎ করেছে। তাই একই গানের জন্য আবার বড় বাজেট দিয়ে ভিডিও করার ব্যাপারে মন উঠে গিয়েছিল। কিন্তু গানগুলো ভালো বলে আবারও মিউজিক ভিডিও করে তা দর্শকের সামনে নিয়ে আসছি। আশা করছি সবার ভালো লাগবে।

পেশাদারিত্ব...

শুধু এই একটি ঘটনা নয়, এক যুগের বেশি সংগীত ক্যারিয়ারে এমন নানা ঘটনার মুখোমুখি হয়ে শিখেছি। এই চার লাখ টাকা নিয়ে আমি শুধু কথা বলতে পারি, কিন্তু তাতে আমার কোনো লাভ নেই। যদি তখন লেনদেনের কোনো ডকুমেন্ট থাকত তাহলে সে টাকাটা ফিরিয়ে দিতে বাধ্য হতো। তাই এখন থেকে আমি সমস্ত কাজ করছি একেবারে পেশাদারিত্বের সঙ্গে। যে কোনো চুক্তি, আর্থিক লেনদেনে কাগজপত্র মেইনটেইন করছি। আমার স্বামী যেহেতু একজন আইনজীবী, তাই এ ক্ষেত্রে সে সহায়তা করছে।

কনসার্ট...

রেকর্ডিং ও টিভি শোর পাশাপাশি অল্প হলেও কনসার্টে গাওয়া শুরু করেছি। কদিন আগেই বিক্রমপুরে শো করেছি। এরপর একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। গতকাল থেকে আবার শো শুরু করেছি শ্বশুরবাড়ির এলাকা ময়মনসিংহের একটি কনসার্টের মাধ্যমে।

পূর্ণ উদ্যমে...

গত বছরটা সবার খুব বাজে ভাবে কেটেছে। কিন্তু ২০২১-কে আমার কাছে খুব আশাব্যাঞ্জক বছর বলে মনে হচ্ছে। আমি আর কাজ থামাবো না। করোনার মধ্যে আমাদের সাফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। সামনে রোজা ও ঈদ আসছে। আবারও কাজ শুরু হবে ফাউন্ডেশনের। যতদিন বেঁচে আছি এধরনের কাজ করে যাব। ১০ টাকা আয় করলে ৮ টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। আর শিল্পী হিসেবেও এ বছর হবে আমার জন্য গানের বছর। তাই বছরের শুরু থেকেই একের পর এক গান প্রকাশ করছি। ভালোবাসা দিবসেও এসেছে বেশকিছু গান। এরমধ্যে রয়েছে তারেক আনন্দর কথা ও সজীব দাশের সুর-সংগীতে ফোক আঙ্গিকের একক গান ‘পিরিতের ঘর’, গানচিলের ব্যানারে চট্টগ্রামের ভাষায় ‘জান’র জান’, নাসিরের সঙ্গে ডুয়েট ‘কি জ্বালা’, সন্দিপনের সঙ্গে ‘রাইতের চান’ ও মাহবুব আলমের সঙ্গে ‘দুজনে দুজনার’। শিগগিরই ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ হবে ‘বেহায়া মন ২’ ও বিআর মাল্টিমিডিয়ার ব্যানারে ‘কৃষ্ণকলী’ গান দুটির দারুণ মিউজিক ভিডিও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত