বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে আগামী শনিবার। দীর্ঘ চার বছর পর আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারির ভার্চুয়ালি এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন অজয় কুমার ভাল্লা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা এই দুটি বিষয় প্রাধান্য পাবে। দুই দেশের সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের দৌরাত্ম্য বন্ধ করতে আলোচনা হবে। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হবে। এছাড়া মাদক, অস্ত্রসহ বিভিন্ন চোরাচালান, মানব পাচারসহ অন্যান্য বিষয় কীভাবে রোধ করা যায় সেই বিষয়ে প্রতিনিধিরা আলোচনা করবেন। সন্ত্রাসবাদ, জাল অর্থ, বিছিন্নতাবাদ, ভিসাসহ আরও বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্য সূচিতে থাকছে। বৈঠকে দীর্ঘদিন শান্ত থাকার পর পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদীরা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তাদের একটি অংশ ভারতে আশ্রয় নেওয়ার যে অভিযোগ রয়েছে সেই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা করা হতে পারে।
তারা আরও জানিয়েছেন, ভারতের বেশিরভাগ স্থলবন্দর এখনো বন্ধ। এ কারণে অন্য বন্দরগুলোয় তীব্র যানজট দেখা দিয়েছে। এতে পণ্য প্রবেশে বিঘ্ন হচ্ছে। বৈঠকে এই বিষয়ে আলোচনা হতে পারে।
