গণমাধ্যম বিষয়ক আইনগুলো পর্যালোচনা করে স্বাধীন সাংবাদিকতা বিকাশে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। গতকাল বুধবার ঢাকার ডেইলি স্টার সেন্টারে ‘গণমাধ্যম বিষয়ক আইনি কাঠামো : বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক এক সংলাপে এ আহ্বান জানানো হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টি এই সংলাপের আয়োজন করে।
সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রচলিত অন্যান্য আইনের তুলনায় ডিজিটাল নিরাপত্তা আইন এখন অপেক্ষাকৃত বেশি ব্যবহার হচ্ছে। এর কারণ এই আইনের আওতায় পুলিশ পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারে এবং এই আইনের কিছু ধারা অজামিনযোগ্য। এখন পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার অপরাধীদের চেয়ে সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীরাই বেশি গ্রেপ্তার হয়েছেন। গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্যই হলো সেখানে মতপ্রকাশের অধিকার থাকবে এবং স্বাধীনভাবে সংবাদ প্রকাশের অধিকারও সুনিশ্চিত থাকবে। সংবাদ প্রকাশ করতে না পারলে একসময় সরকারও বুঝতে পারবে না তাদের ভুলগুলো কোথায় এবং কীভাবে নিজেদের সংশোধন করতে হবে। পাশাপাশি গণমাধ্যম বিষয়ক আইনগুলোর প্রয়োজনীয় পর্যালোচনা করে সেগুলোকে যুগোপযোগী ও স্বাধীন সাংবাদিকতার জন্য সহায়ক করতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ডিজিটাল প্রযুক্তি কাচের ঘরের মতো, সবাই সবাইকে দেখতে পায়। যার ভেতরে থাকে রাষ্ট্র, নাগরিক, সরকার সবাই। আর বাইরে থাকে দুর্নীতি, যাকে আমরা পোকামাকড় বলি। এই কাচের ঘরে সবার সমান অধিকার সমানভাবে রক্ষা করতে হবে। আর এজন্যই ডিজিটাল নিরাপত্তা আইনের দরকার। এই আইন শুধু সাংবাদিকদের জন্য নয়, এটি জনগণের জন্যও। লক্ষ রাখতে হবে, আইনের রক্ষকরাই যেন আইন ভঙ্গ না করে।
সংলাপে সিনিয়র সাংবাদিকরা জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য বর্তমানে সাংবাদিকরা তাদের মত সঠিকভাবে প্রকাশ করতে পারছেন না। সাংবাদিকদের বিভিন্ন জায়গায় হয়রানি হতে হচ্ছে। কখনো করপোরেট, কখনো-বা প্রভাবশালী মহলের কাছ থেকে হয়রানি ও চাপের শিকার হতে হয়। সবাইকে ভয় নিয়েই সাংবাদিকতা করতে হচ্ছে, আবার এর জন্য অনেক সংবাদকে মেরে ফেলা হচ্ছে।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অপরাজেয় বাংলার সম্পাদক মাহমুদ মেনন খান। স্বাগত বক্তব্য রাখেন সমষ্টি’র পরিচালক ও চ্যানেল আই-এর সিনিয়র বার্তা সম্পাদক মীর মাসরুর জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমষ্টি’র কর্মসূচি পরিচালক মীর সাহিদুল আলম, সিনিয়র সাংবাদিক প্রভাস আমিন, বায়েজিদ মিলকি, গোলাম সাহানি, নাদিরা কিরণ প্রমুখ।
