মনোনয়নপত্র নিলেন আলোচিত লোকমান

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৪ এএম

মোহামেডান স্পোর্টিং ক্লাবে নিষিদ্ধ ক্যাসিনো পরিচালনা, মানি লন্ডারিং ও বাসায় অবৈধ বিদেশি মদ রাখার অভিযোগে ২০১৯ সালের অক্টোবরে গ্রেপ্তার হয়েছিলেন দীর্ঘদিনের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া। বেশ ক’মাস কারাবাসের পর জামিনে এখন তিনি মুক্ত। যদিও একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। মোহামেডানের ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগে এক সময় লোকমানকে বিতাড়িত করতে উদ্যোগী হয়ে উঠেছিলেন একঝাঁক সাবেক খেলোয়াড় ও সংগঠক। তাদের এই উদ্যোগকে চ্যালেঞ্জ জানাতে নাটকীয় প্রত্যাবর্তন ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই প্রভাবশালী পরিচালকের। ৬ মার্চ মোহামেডানের পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হতে শেষ দিনে মনোনয়নপত্র নিয়েছেন লোকমান। অথচ এতদিন গুঞ্জন ছিল নির্বাচন করবেন না তিনি। লোকমানের নির্বাচনী মঞ্চে আগমনে সমঝোতার পর্ষদের প্রচেষ্টাটা এক অর্থে শেষ হয়ে গেল। বোঝাই যাচ্ছে নির্বাচনে হবে জোড় প্রতিদ্বন্দ্বিতা।

কেবল লোকমান নন, ১৬টি পরিচালক পদের বিপরীতে দু’দিনে মোট ৫১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এ ছাড়া একটি সভাপতি পদের বিপরীতে মনোনয়নপত্র নিয়েছেন তিন আলোচিত প্রার্থী ওবায়দুল করিম, বিগত পর্ষদের সভাপতি ওবায়দুল করিম ছাড়াও সভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আবদুল মুবীন এবং জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

গতকাল লোকমান ছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে মনোনয়নপত্র নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনাম, সাবেক তারকা প্রতাপ শংকর হাজরা, বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন আহমেদ, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি নাফিজ শারাফাত, সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, সাবেক হকি খেলোয়াড় আরিফুল হক প্রিন্স।

মোহামেডানের ৩৩৭ জন স্থায়ী সদস্য ভোট দিয়ে ১৭ সদস্যের পরিচালনা পর্ষদ নির্বাচন করবেন ৬ মার্চ। এর আগে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন ১ মার্চ। আর ৪ মার্চ প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত