নিজেদের প্ল্যাটফর্মে নিউজ কনটেন্ট প্রকাশের জন্য স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানকে ফেইসবুক-গুগলের মতো বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টদের অর্থ দেওয়ার বিধি রেখে আইন পাস করেছে অস্ট্রেলিয়া। গতকাল বৃহস্পতিবার বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট আইনটি পাস করে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এ আইনকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ এখন অন্যান্য দেশেও একই ধরনের আইন করা হতে পারে। ইতিমধ্যে কানাডা জানিয়েছে, অস্ট্রেলিয়ার মতো তারাও পদক্ষেপ নেবে। প্রথমে এ আইনের বিরোধিতা করেছিল ফেইসবুক ও গুগল। এমনকি এ আইনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিরোধের জেরে অস্ট্রেলিয়ায় সব নিউজ কনটেন্ট বন্ধ করে দেয় ফেইসবুক। পরে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে ফেইসবুকের সমঝোতা হয়। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার অস্ট্রেলিয়ায় নিউজ কনটেন্ট চালুর সিদ্ধান্ত নেয় ফেইসবুক। মূলত সমঝোতার আলোকে আইনে সংশোধনী এনে তা গতকাল অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদে পাস করা হয়। তার আগে গত সপ্তাহে সিনেটে আইনটি পাস হয়।
অস্ট্রেলিয়া সরকার বলছে, ‘নিউজ মিডিয়া অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মস ম্যান্ডাটরি বার্গেনিং কোড’ নামের এ আইন সংবাদ ব্যবসার জন্য ন্যায্য পারিতোষিক নিশ্চিত করবে। আইনটি অস্ট্রেলিয়ায় জনস্বার্থ সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে সহায়তা করবে।
নতুন আইনে নিউজ কনটেন্টের জন্য অর্থ পরিশোধের বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর দরকষাকষির সুযোগ আছে। আলোচনা ব্যর্থ হলে প্রযুক্তি প্রতিষ্ঠানকে স্বাধীন সালিশে নেওয়ার সুযোগও রাখা হয়েছে। নতুন আইনের ফলে স্থানীয় নিউজ কনটেন্ট সংক্রান্ত চুক্তির আওতায় ফেইসবুক ও গুগলের কোটি কোটি ডলার অর্থ বিনিয়োগের সুযোগ তৈরি হলো।
গুগলের শোকেসে যেসব নিউজ কনটেন্ট প্রদর্শিত হবে, তার জন্য তারা এখন অর্থ পরিশোধ করবে। অন্যদিকে ফেইসবুকের নিউজ ফিডে যেসব সংবাদমাধ্যমের খবর থাকবে, তাদের অর্থ দিতে হবে ফেইসবুককে। গুগল ইতিমধ্যে স্থানীয় মিডিয়া কোম্পানিগুলোর সঙ্গে লাখো ডলারের চুক্তি করেছে। ফেইসবুকও অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম কোম্পানির সঙ্গে প্রস্তাবিত চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছে।
