রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির নেতা ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ ১০ সদস্যের নাম উল্লেখ করে ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন ইউপি সদস্য বিনয় চাকমা। গত বুধবার রাত ১১টায় হত্যা মামলাটি করা হয়। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে নিহত সমর বিজয় চাকমার লাশ খাগড়াছড়ি হাসপাতালে ময়নাতদন্ত শেষে বুধবার রাতেই পরিবারের কাছে হস্তান্তরের পর দাহ ক্রিয়া সম্পন্ন হয়েছে।
এদিকে এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন করে আরও চারজন সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আনসার কমান্ডার সাইফুল ইসলাম।
গত বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের পিআইওর কক্ষে গুলি চালিয়ে সমর বিজয় চাকমাকে হত্যা করে সন্ত্রাসীরা।
