শিশুদের জন্য নতুন সুখবর। সাড়া জাগানো কার্টুন সিরিজ ‘কুংফু পান্ডা: লিজেন্ডস অব অসামনেস’ ও ‘দ্য পেঙ্গুইনস অব মাদাগাস্কার’ আসছে দুরন্ত টিভিতে। যেখানে জনপ্রিয় কার্টুন চরিত্রগুলো বাংলায় কথা বলবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়, সিরিজ দুটি সোমবার থেকে প্রচারিত হবে দুরন্ত টিভিতে।
‘কুংফু পান্ডা’ দেখা যাবে সকাল ১০টায়, দুপুর দেড়টায় ও রাত সাড়ে ৮টায়। ‘দ্য পেঙ্গুইনস অব মাদাগাস্কার’ প্রচার হবে সকাল সাড়ে ১০টা, দুপুর ২টায় ও রাত ৯টায়।
বিশ্বের বিভিন্ন দেশে সব বয়সী মানুষের কাছে ইতিমধ্যে কার্টুন সিরিজ দুটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার দর্শকেরা বাংলায় উপভোগের সুযোগ পাচ্ছেন।
বিশালদেহী পান্ডা পো ও তার বন্ধুদের মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কুংফু পান্ডা: লিজেন্ডস অব অসামনেস’। অন্যদিকে চার পেঙ্গুইন বন্ধুর দারুণ মজার অভিযানের গল্পে তৈরি হয়েছে ‘দ্য পেঙ্গুইনস অব মাদাগাস্কার’।
চ্যানেলের পক্ষ থেকে বলা হচ্ছে, দুরন্ত টেলিভিশন সব সময় দর্শকদের পছন্দকে প্রাধান্য দিয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চলেছে এই দুই নতুন থ্রি-ডি অ্যানিমেশন সিরিজ।
