রাজশাহী-মানিকগঞ্জ-নাটোর

বার কাউন্সিল নির্বাচনে বিএনপিপন্থিদের জয়

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৬ এএম

আইনজীবীদের সমিতি রাজশাহী, মানিকগঞ্জ ও নাটোর বার কাউন্সিলের নেতৃত্ব নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের বেশিরভাগ প্রার্থী জয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার জেলা বারগুলোতে ভোটগ্রহণ করা হয়। পরে রাতে ঘোষণা করা হয় ফলাফল। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর

রাজশাহী : বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের প্যানেল ২১টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ২০টি পদেই জয় পেয়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক (১)। আর সাধারণ সম্পাদক হয়েছেন এই প্যানেলের পারভেজ তৌফিক জাহেদী। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে শুধু নির্বাহী সদস্য পদে রকিবুল হাসান রোকন বিজয়ী হয়েছেন।

বিজয়ী অন্যরা হলেন এ কে এম মিজানুর রহমান, মাহবুবুল ইসলাম ও আবু মোহাম্মদ সেলিম, আতিকুর রহমান ইতি, নূর-এ কামরুজ্জামান ইরান, সেলিম রেজা মাসুম, রিয়াজ উদ্দীন, আজিমুশ সান উজ্জ্বল, মোজাম্মেল হক (২), রজব আলী।

মানিকগঞ্জ : জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে জয়  পেয়েছে। অপরদিকে  সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও দুটি সদস্য মিলে ৪টি পদে জয় পেয়েছেন সম্মিলিত সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীরা।

নাটোর : রুহুল আমিন তালুকদার টগর সভাপতি এবং শরিফুল হক মুক্তা সাধারণ সম্পাদকসহ আট পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জ্যেষ্ঠ সহ-সভাপতিসহ তিন পদে জয়ী হয়েছে। জাতীয়তাবাদী পক্ষের নির্বাচিত অন্যরা হলেন এস এম লুৎফর রহমান রাব্বানী, শহীদ মাহমুদ, মোস্তাফিজুর রহমান,  আরিফুল ইসলাম, রোকনুজ্জামান খান ও দিনাই তাছরিন। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ীরা হলেন এস এম নাজমুল ইসলাম, আক্তার হোসেন এবং হাফিজুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত