আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে চার দিনের ম্যাচের শুরুতেই এগিয়ে বাংলাদেশ ইমার্জিং দল। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের ৫ উইকেটে দ্রুত গুটিয়ে গেল সফরকারীরা। প্রথম শ্রেণিতে এটাই তার প্রথম ৫ উইকেট। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৫১ রানে অলআউট আইরিশ দল। জবাবে দিন শেষে ১ উইকেটে ৮১ রান করেছে বাংলাদেশ। অধিনায়ক সাইফ হাসান ২২ ও মাহমুদুল হাসান জয় অপরাজিত আছেন ১৮ রানে। আউট হয়ে ফিরেছেন ওয়ানডে মেজাজে ৪১ রান করা ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম ইনিংসে এখনো ৭০ রানে পিছিয়ে স্বাগতিকরা।
আইরিশ ‘এ’ দলের বিপক্ষে তরুণ দল ঘোষণা করে বিসিবি। কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল আনেন নির্বাচকরা। দলে তো বটেই একাদশে ঢুকে পড়েন টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন দুই পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ। এ ছাড়া ব্যাটসম্যান ইয়াসির আলিও একাদশে আছেন। এই টেস্ট দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তিন সদস্য ব্যাটসম্যান আকবর আলি, মাহমুদুল হাসান জয় ও অফস্পিনার শাহাদাত হোসেন দিপুর।
টস জিতে ব্যাট করতে নেমে আইরিশ দুই ওপেনার জেমস ম্যাককলাম ও জেরেমি ললর উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩৪ রান। এরপর তানভীর, খালেদ ও এবাদত মিলে ৬২ রানেই আইরিশদের ৪ উইকেট তুলে নেন। লাঞ্চের আগেই এ অবস্থায় পড়া দলকে টেনে তোলেন কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকার। দুজনে মিলে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ৪৯ রান, যা আইরিশদের ইনিংসের সর্বোচ্চ রানের জুটি। অধিনায়ক সাইফ নিজ হাতে বল নিয়ে এ জুটি আর এগোতে দেননি ২০ রান করা টাকারকে ফিরিয়ে। এ ব্যাটরম্যান ফিরতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আয়ারল্যান্ড উলভসের ইনিংস। ১৬ রানে ৪ উইকেট হারায় তারা। এই সময়ে তানভীর তুলে নেন নিজের তৃতীয় ও চতুর্থ উইকেট। শেষ উইকেটে গ্রাহাম হিউম (১০) ও পিটার চেজ (১৪) মিলে ২১ রানের জুটিতে দলকে দেড়শোর কোটা পার করান। এই হিউমকেই ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন তানভীর।
দিনের শেষ সেশনে ২৩ ওভার ব্যাট করে স্কোরবোর্ডে ৮১ রান তোলেন বাংলাদেশ ইমার্জিং ব্যাটসম্যানরা। শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাট করেন ওপেনার তামিম। থামেন ৩৯ বলে ৮ চারে সাজানো ৪১ রানের ইনিংস খেলে। দিনের বাকি সময় ৩১ রানের জুটিতে অপরাজিত থেকে কাটান সাইফ ও জয়। ৭২ বলে ২২ রানে সাইফ ও ২৭ বলে ১৮ রানে অপরাজিত জয়।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড উলভস ১ম ইনিংস : ১৫১/১০ (৬৭ ওভার) (ম্যাককলাম ১৯, ললর ১৩, ডোহানি ১৪, টেক্টর ০, ক্যাম্ফার ৩৯, টাকার ২০, অ্যাডের ৯, ডেলানি ৪, হিউম ১০, গার্থ ০, চেজ ১৪*; খালেদ ১/২০, এবাদত ২/৩২, তানভীর ৫/৫৫, রিশাদ ০/২০, সাইফ ২/১৫।
বাংলাদেশ ইমার্জিং ১ম ইনিংস : ৮১/১ (২৩ ওভার) (তানজিদ ৪১, সাইফ ২২*, জয় ১৮*; টেক্টর ২/২৪)।
