চাঁদপুরের হাইমচর উপজেলায় নিজ বাড়িতে আগুনে পুড়ে শিখা রানী মজুমদার (৪৫) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিখা রানী গ্রামের মৃত বিশ্বম্ভর মজুমদারের মেয়ে এবং স্থানীয় ফিরোজা কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষিকা ছিলেন।
নিহতের ভাবি সবিতা রানী মজুমদার বলেন, ‘আমার স্বামীর (শিখার বড় ভাই শক্তি মজুমদার) মৃত্যুর পর বাড়িতে আমি ও শিখা থাকতাম। সে অবিবাহিত ছিল। ভোরে চিৎকার শুনে ঘুম থেকে জেগে দেখি সে আমার পাশে নেই। পরে ঘর থেকে বের হয়ে তার শরীরে আগুন দেখতে পাই।’ তিনি আরও বলেন, ‘আমাদের দুজনের মধ্যে কোনো বিরোধ নেই। কিন্তু কীভাবে এ ঘটনা ঘটল, তা বুঝতে পারছি না। কারও সঙ্গে তার কোনো শত্রুতা আছে বলেও মনে হয় না।’
স্থানীয় বাসিন্দা শোভা রানী বলেন, ‘আমি ভোরে রাস্তায় বের হয়ে ওই বাড়িতে আগুন জ্বলতে দেখি। কাছে গিয়ে শিখাকে পুড়তে দেখতে পাই। সে সময় তার আশপাশে কাউকে দেখিনি। শিখার আর্তচিৎকারে অন্যরা এসে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’
হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরকার জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে আগুনে পুড়ে শিখা রানীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরপরও কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
চাঁদপুর সিআইডির পরিদর্শক আহসান হাবিব জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।
