স্থানীয় সরকারের চলমান পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপের পৌর নির্বাচনে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ২৮ ফেব্রুয়ারি দেশের ২০ জেলায় ৩০ পৌরসভায় ভোট হওয়ার কথা থাকলেও দেওয়ানগঞ্জ পৌরসভার ভোট স্থগিত হওয়ায় ২৯ পৌরসভায় ভোট হবে। একই দিন জামালপুর জেলার জামালপুর, ইসলামপুর ও মাদারগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ হবে।
