পূর্বের জিপিএ বহাল রেখে পরীক্ষা নেওয়ার দাবি ভর্তিচ্ছুদের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে পূর্বের জিপিএ বহাল রেখে ভর্তি পরীক্ষা নেওয়া এবং গুচ্ছ পদ্ধতিতে প্রাথমিক বাছাই পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব দাবি জানান তারা।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী সানোয়ার হোসেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফল সমন্বয় করে অটোপাশের ঘোষণা দেওয়া হয়। এতে সব শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ফল ধারণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য সব বিশ্ববিদ্যালয়ে পূর্বের জিপিএকে মান হিসেবে ধরে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়।

আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন সার্কুলারে বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদনের জিপিএ .৫০ বৃদ্ধি করে ৮.৫০, বাণিজ্য বিভাগে .৫০ বৃদ্ধি করে ৮.০০ এবং মানবিক বিভাগে ১.০০ বৃদ্ধি করে ৮.০০ করা হয়েছে। এতে অনেক ভর্তিচ্ছু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না।

এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবেদনের জন্য পূর্বের জিপিএ বহাল রাখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলন থেকে এ সব দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন তারা।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিমপুর গার্লস কলেজের শিক্ষার্থী মেরিল আহমেদ, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের রাসেল আহমেদ, চাঁদপুরের ছেংগারচর সরকারি কলেজের জহিরুল ইসলাম, কুষ্টিয়া সরকারি গার্লস কলেজের শিক্ষার্থী আরোহী অনামিকা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত