দু’বছর পর উইন্ডিজ দলে গেইল

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৩ এএম

বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল না আনায় বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল উইন্ডিজ। নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য পূর্ণশক্তির দলই গড়েছেন ক্যারিবীয় নির্বাচকরা। টি-২০ দলে দু’বছর পর ডাকা হয়েছে স্বঘোষিত ‘ইউনিভার্স’ বস ক্রিস গেইলকে। আর প্রায় ৯ বছর পর ডাক পেয়েছেন ফাস্ট বোলার ফিদেল এডওয়ার্ডস।

বাংলাদেশ সফরে না আসা কাইরন পোলার্ডের নেতৃত্বে ওয়ানডে দলও ঘোষণা করা হয়েছে। সেই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অফস্পিনার কেভিন সিনক্লেয়ার। আর বাংলাদেশে ওয়ানডে খেলে যাওয়া স্পিনার আকিল হোসেন প্রথমবারের মতো ডাক পেয়েছেন টি-২০ দলে। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জয়ের নায়ক, যিনি ওয়ানডেও খেলেছেন সিরিজে, আছেন ওয়ানডে দলে।

টেস্ট দলের অধিনায়ক জেসন হোল্ডারকে ১৫ মাস পর ডাকা হয়েছে টি-২০ দলে। তাকে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন নির্বাচকদের প্রধান সাবেক স্পিনার রজার হার্পার, ‘জেসন হোল্ডার সীমিত ওভারের ফরম্যাটে অলরাউন্ডার হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছে। কয়েকটা সিরিজ হাতছাড়া করার পর ও দলে এলে দলের অভিজ্ঞতা ও গভীরতা বাড়বে আরও।’

২০১২ ও ২০১৬’র টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজ। এ বছরেরই অক্টোবরে ভারতে বিশ্বকাপকে লক্ষ্য করে দল গড়তেই ৪১ বছর বয়সী গেইলকে ফিরিয়ে আনা বলে জানিয়েছেন রজার হার্পার, ‘টি-২০ শিরোপা ধরে রাখার লড়াইয়ে আমরা সবচেয়ে শক্তিশালী দল নির্বাচন করার চেষ্টা করছি। আর সে লক্ষ্যেই এই সুযোগে আমরা এমন এক দল নির্বাচন করেছি, যে দলটা নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করা যায়। সম্প্রতি কিছু টুর্নামেন্টে ক্রিস গেইল দুর্দান্ত খেলেছে, তাই আমাদের নির্বাচক কমিটি মনে করেছে এখনো ও আমাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফিদেল এডওয়ার্ডসকে নেওয়া হয়েছে বোলিংয়ের শক্তি বাড়ানোর জন্য।’

১২৭টি টি-২০ খেলা উইন্ডিজের হয়ে ৫৮ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ক্রিস গেইল। তবে সর্বশেষ ২০ ওভারের ম্যাচটি ছিল ২০১৯-র মার্চ, ইংল্যান্ডের বিপক্ষে। ওই বছরেরই আগস্টে ইংল্যান্ড বিশ্বকাপের পর অনেকেই ভেবেছিলেন অবসর নেবেন গেইল। কিন্তু তিনি জাতীয় দলে না খেললেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে চলেন। সব মিলিয়ে ৪১৩ টি-২০ খেলে ৩৮.৩৫ গড়ে ১৬৬৯১ রান করেছেন। ২২ সেঞ্চুরির পাশাপাশি ৮৬ ফিফটি করেছেন। স্ট্রাইকরেট প্রায় ১৪৭। সর্বশেষ করাচিতে পিএসএল খেলছিলেন। দুই ম্যাচ খেলার পর সেখান থেকেই দেশে ফেরেন উইন্ডিজ দলের ডাকে।

বয়সে তার থেকে দু’বছরের ছোট এডওয়ার্ডস ২০ টি-২০ ম্যাচের সর্বশেষটি খেলেছিলেন ২০১২ সালে, শ্রীলঙ্কা সফরে। সে বছরই উইন্ডিজের হয়ে সর্বশেষ ম্যাচ (টেস্ট) খেলেন বাংলাদেশের বিপক্ষে খুলনায়।

৩ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ১০ মার্চ থেকে ওয়ানডে সিরিজ। আর ২১ মার্চ থেকে দুই টেস্টের সিরিজ।

উইন্ডিজ টি-২০ দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), ক্রিস গেইল, জেসন হোল্ডার, নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, আকিল হোসেন, এভিন লুইস, ওবেদ ম্যাককয়, রোভম্যান পাওয়েল, লেন্ডল সিমন্স ও কেভিন সিনক্লেয়ার।

উইন্ডিজ ওয়ানডে দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), নিকোলাস পুরান, জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, কাইল মায়ার্স, জেসন মোহাম্মদ, রোমারিও শেফার্ড ও কেভিন সিনক্লেয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত