আহমেদাবাদে ভারত-ইংল্যান্ড টেস্টের উইকেট নিয়ে আলোচনা থামছেই না। পক্ষে-বিপক্ষে নানা মতে জমে উঠেছে বিতর্ক। ভারতীয়দের মধ্যে অনেকেই সরাসরি এই উইকেটের পক্ষে কথা বলছেন। আবার অনেকে সরাসরি পক্ষ না নিলেও স্পিনে ভালো খেলার কৌশলের কথা বলছেন। কিন্তু কেউই এমন উইকেটের সমালোচনা করেননি। সেটা এসেছে ইংলিশদের প্রেক্ষাপট থেকে। এই প্রথম কোনো ভারতীয় আহমেদাবাদ টেস্টের পিচের সমালোচনা করলেন। তিনি সাবেক অধিনায়ক দিলীপ ভেংসরকার। তার মতে, এমন উইকেট ভালো ক্রিকেট উপভোগ করা থেকে বঞ্চিত করে দর্শকদের।
শুক্রবার ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো সন্দেহ নেই উইকেট নিম্নমানের ছিল। টেস্ট ক্রিকেটের জন্য এ ধরনের উইকেট বাজে বার্তা দেয়। মানুষ ভালো ক্রিকেট দেখার জন্য টাকা খরচ করে এবং মাঠে যায়।’
টেস্টে অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে ১০ উইকেটের বিশাল জয় পায় ভারত। দুই স্পিনার মিলে ইংল্যান্ডের ২০ উইকেটের ১৮টি নেন। তাই ১০০ বছর পর দুই দিনে টেস্ট হেরে বসে সফরকারীরা। ভারতের প্রথম ইনিংসের অর্ধেক ব্যাটসম্যানকে আউট করেছেন অনিয়মিত বোলার জো রুট। মাত্র ৮ রানে ৫ উইকেট নিয়ে নাম লেখান ইতিহাসের পাতায়। রুটকে উদাহরণ হিসেবে টেনে ১১৬ টেস্ট খেলা ভেংসরকার যোগ করেন, ‘দুই দলেই দেখার মতো অসাধারণ কিছু খেলোয়াড় ছিল। কিন্তু যখন আপনি দেখেন যে, জো রুটের মতো দুর্দান্ত একজন ব্যাটসম্যানও দুর্দান্ত একজন বোলারে পরিণত হয়, তখন বুঝবেন উইকেটে বড় রকমের সমস্যা রয়েছে।’
