কারাবন্দি মুশতাকের মৃত্যু

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের তদন্ত কমিটি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৯ এএম

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়ে তদন্ত করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে করা তদন্ত কমিটিকে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া গাজীপুর জেলা প্রশাসন দুই সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে। জেলা প্রশাসনের করা কমিটির সদস্যরা হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ও ওয়াসিউজ্জামান। তাদেরকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের হাজতি মুশতাক আহমেদকে ‘হঠাৎ অজ্ঞান’জনিত কারণে গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাতে তাকে মৃত ঘোষণা করেন। ওই হাজতি বন্দির মৃত্যুর বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি সিকদার ও সদস্য সচিব আরিফ আহমেদ। কমিটির অপর সদস্যরা হলেন অতিক্তির জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির ও গাজীপুর জেলা কারাগারের সহকারী সিভিল সার্জন।

কমিটিকে যেসব বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে, সেগুলো হচ্ছে মুশতাক আহমেদের মৃত্যুতে কারা কর্র্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি-না? যদি থেকে থাকে তাহলে চিহ্নিতকরণ। তার কারাগারে আসার পর স্বাস্থ্যগত কোনো সমস্যার বিষয়ে কারা কর্র্তৃপক্ষ অবহিত ছিল কি-না? যদি থাকে সে বিষয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? যদি না হয়ে থাকে, দায়ীদের চিহ্নিতকরণ ও আগামী চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত