পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের

সেরা চলচ্চিত্র ফ্রান্সের ‘দ্য লস্ট পেন’

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৭ এএম

পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে পর্দা নেমেছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের। গতকাল শনিবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে উৎসবের সমাপনী আনুষ্ঠানিকতায় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এবারের আসরে স্ক্রিনিং বিভাগে ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ পেয়েছে ফ্রান্সের চলচ্চিত্র ‘দ্য লস্ট পেন’। এটি পরিচালনা করেছেন বেরাত গোক্কুস। এ ছাড়া কম্পিটিশন বিভাগে ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ পেয়েছে রিপাবলিক অব কোরিয়ার চলচ্চিত্র ‘অন অফ’। এটি নির্মাণ করেছেন কাং শিংইউ। ওয়ান মিনিট ফিল্ম বিভাগে ‘ইউল্যাব ইয়াং ফিল্মমেকার অ্যাওয়ার্ড’ পেয়েছে ‘এগোনি’। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা জারিফ তাশদিদ।

সমাপনী অনুষ্ঠানে বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের সার্টিফিকেট প্রদান করা হয়। এবারের বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডর হয়েছেন ঢাকা কলেজের নিয়াজ ইবনে গুলজার তানময়, মুনশিরহাট ইদ্রিশিয়া হাবিবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে মোহাম্মদ তোফায়েল এবং নটর ডেম কলেজ থেকে খোন্দকার ইফতেখার আহমেদ।  

এবারের উৎসবে ৩৬টি নির্বাচিত চলচ্চিত্র থেকে ১৭টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মাতা কাওসার চৌধুরী। তিনি বলেন, ‘প্রযুক্তি এখন কাগজ কলমের মতো, যা নির্মাতাদের পুরো সুযোগ নেওয়া উচিত।’ পরে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান জুড উইলিয়াম হেনিলো এবং উৎসবের দুই জুরি সদস্য রতন পাল ও তানহা জাফরিন ফেস্টিভাল ডিরেক্টর ও প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত