‘মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে মুক্তি পেতে যাচ্ছে -মুক্তি যুদ্ধের পটভূমিতে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে; বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র (3D)’। আজ রইলো ছবিটির অফিসিয়াল পোস্টার।’ অলাতচক্রের পোস্টার শেয়ার করে এভাবেই জানান দিলেন জয়া আহসান।
জয়া অভিনীত বাংলাদেশের প্রথম থ্রিডি ছবি ‘অলাতচক্র’মুক্তি পাবে ১৯ মার্চ। এর আগে সোশ্যাল মিডিয়ায় ছবির টিজার শেয়ার করে সিনেমা মুক্তির দিন তারিখ জানিয়েছিলেন পরিচালক হাবিবুর রহমান।
সরকারি অনুদানের নির্মিত হয়েছে ‘অলাতচক্র’। মূল উপন্যাসে দানিয়েলের জবানিতে নিজেকেই তুলে ধরেছেন ছফা। নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর দানিয়েল চরিত্রে আছেন আহমেদ রুবেল। ১৯৮৫ সালে প্রকাশিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’।
ছবিতে জয়া-রুবেল ছাড়াও অন্যান্য চরিত্রে আছেন মাহতাব হাসান, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।
এ ছবির শুটিং শেষ হয়েছে ২০২০ সালের শুরুতে। করোনার সময় সম্পন্ন হয় পোস্ট প্রোডাকশন। ডিসেম্বরেই বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। এখন শুধু দর্শকের পাতে তোলার বাকি!
