পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির জন্মদিন ছিল সোমবার। পুরো দিন জুড়েই ভক্ত থেকে শুরু করে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই অলরাউন্ডার। যারা শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি ৫২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা তারকা।
কিন্তু ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে টুইট করেছেন আফ্রিদি, তাতেই বেঁধেছে বিপত্তি। ফের প্রশ্ন উঠেছে পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের আসল বয়স নিয়ে।
আইসিসি ও পিসিবির রেকর্ড অনুযায়ী এদিন ছিল আফ্রিদির ৪১তম জন্মদিন। কিন্তু আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন, এটি তার ৪৪তম জন্মদিন।
টুইট করে আফ্রিদি লিখেন, ‘৪৪তম জন্মদিনে আপনাদের ভালোবাসাভরা শুভেচ্ছার জন্য ধন্যবাদ। পরিবার ও ভক্তরাই আমার সবচেয়ে বড় সম্পদ।’
অর্থাৎ আফ্রিদিই টুইটই বলে দিচ্ছে, তার আইসিসিতে উল্লেখ করা বয়স ও প্রকৃত বয়সের মধ্যে পার্থক্য রয়েছে। তাই তার সবচেয়ে কম বয়সে ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড নিয়েও প্রশ্ন উঠেছে। ১৯৯৬ সালের অক্টোবরে ১৬ বছর ২১৭ দিন বয়সে ৩৭ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন আফ্রিদি।
এর আগে আফ্রিদি যে আত্মজীবনী লিখেছেন, সেখানেও তার বয়স বিষয়ে বিতর্ক থেকে গেছে।
