ফয়সালের প্রায়শ্চিত্তে প্রথম জয় ব্রাদার্সের

আপডেট : ০২ মার্চ ২০২১, ০২:২৩ এএম

দু’অর্ধে দুটি করে গোলে পুলিশ এফসিকে ৪-১ গোলে হারিয়ে বিপিএল পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে সাইফ স্পোর্টিং। প্রথমার্ধের শেষ দিকে দু’গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেলজিয়ান কোচ পল পুটের শিষ্যরা। পুলিশ এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও আরও দু’গোল করে ষষ্ঠ জয়ের দেখা পেয়েছে সাইফ। দিনের অপর ম্যাচটি ছিল নিচের দিকের দু’দলের রোমাঞ্চকর লড়াই। যে লড়াইয়ে তলানিতে থাকা আরামবাগ ক্রীড়া সংঘকে ৫-২ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচের শুরু থেকেই সাইফের আক্রমণ ঠেকানোয় ব্যস্ত ছিল পুলিশ। শুরুর দিকে সেভাবে আক্রমণ গোছাতে পারেনি সাইফ। প্রথম গোল পেতে দলটিকে অপেক্ষা করতে হয়েছে ৪৪ মিনিট পর্যন্ত। সমন্বিত আক্রমণগুলো যখন ব্যর্থ হচ্ছে, তখন ক্যানেথ বক্সের বাইরের থেকে ভাগ্য পরীক্ষা করে সফল হন। তার বুলেট গতির শট ঠেকানোর সাধ্য ছিল না পুলিশ কিপার মোহাম্মদ নেহালের। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ওকোলি। ইয়াসির আরাফাতের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে দুরূহ কোণ থেকে পুলিশ কিপার নেহালের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান এই নাইজেরিয়ান। ৬১ মিনিটে এক গোল পরিশোধ করে পুলিশ। কিরগিজ মিডফিল্ডার মুরোলিমঝন আখমেদভের ফ্রি-কিক সাইফ কিপার পাপ্পু হোসেন ফেরানোর পর তাতে জমির উদ্দিন হেড করে লক্ষ্যভেদ করেন। ৮৭ মিনিটে ওকোলি একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান ৩-১ করেন। আর যোগ করা সময়ে ফয়সাল আহমেদ ফাহিমের অসাধারণ থ্রু ধরে বক্সের ভেতর থেকে বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন সাজ্জাদ হোসেন।

এই জয়ে ১১ ম্যাচে সাইফের সংগ্রহ এখন ১৯ পয়েন্ট। যদিও তৃতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে তারা পিছিয়ে তিন পয়েন্টে। আর শীর্ষে থাকা কিংসের সঙ্গে ব্যবধানটা ১৫ পয়েন্টের। অন্যদিকে আগের ম্যাচে আরামবাগকে হারানো পুলিশ সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে থাকছে অষ্টম স্থানে।

ফয়সালের ম্যাজিকে ব্রাদার্সের প্রথম জয়

এবারে লিগে আরামবাগ-ব্রাদার্সের দুরবস্থা নতুন নয়। তার ওপর স্পট ফিক্সিং ও পাতানোর অভিযোগও উঠেছে দল দুটির বিপক্ষে। এ অবস্থায় দুদল মুখোমুখি হয়েছিল গুরুত্বপূর্ণ ম্যাচে। ম্যাচের দশম মিনিটে  ফয়সাল মাহমুদ নাইজেরিয়ান স্যাডিক অ্যাডামকে ডি-বক্সে ফেলে দিয়ে আরামবাগকে পেনাল্টি উপহার দেন। পেনাল্টি থেকে গোল করে আরামবাগকে এগিয়ে নেন ইব্রাহিম। এই ভুলের প্রায়শ্চিত্ত ফয়সাল করেছেন প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে অসাধারণ গোলে। এই গোলের পর আবেগাক্রান্ত ফয়সালকে দেখা গিয়েছে বারবার চোখ মুছতে। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে আরামবাগ কিপার আপেল মাহমুদের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান স্যামসান ইলিয়াসু। যদিও দুই মিনিট পর ম্যাচ ফিরেছে আরামবাগ। জুনাপিও কর্নার গোলমুখের জটলায় আসলে সতীর্থ পাস থেকে অসাধারণ গোল করেন নিহাত জামান উচ্ছ্বাস। তবে ডিফেন্ডার আর কিপার আপেলের ভুলে ফের গোল হজম করতে হয় আরামবাগকে। এক ডিফেন্ডার ব্যাকপাস করেছিলেন আপেলকে, সেটা নিয়ন্ত্রণে নেওয়ার আগেই ইলিয়াসু কেড়ে নিয়ে কাট ব্যাক করেন সিও জুনাপিওকে। ফাঁকা বারে বল পাঠাতে ভুল করেননি কঙ্গোর এই ফরোয়ার্ড। ৭১ মিনিটে ম্যাচটা নিজের করেন নেন জাতীয় দলের সাবেক মিডফিল্ডার ফয়সাল। তার বাঁ পায়ের আরেকটি বাঁকানো কর্নার এবার আরামবাগ কিপার আপেলের গ্লাভস ছুঁয়ে জড়িয়ে যায় দূরের পোস্টে। আর যোগ করা সময়ে ব্রাদার্সের বদলি ফরোয়ার্ড মেজবাহ আহমেদ সুযোগ সদ্ব্যবহার করে যোগ দেন গোলদাতার তালিকায়। ১১ ম্যাচে প্রথম জয়ে ৫ পয়েন্ট নিয়ে ব্রাদার্স এখনো থাকছে অবনমন অঞ্চলে (১২তম)। আর জয়ের অপেক্ষায় থাকা আরামবাগের সমান ম্যাচে সংগ্রহ মাত্র এক পয়েন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত