মোতেরার উইকেট নিয়ে বিতর্ক থামছেই না। এবার সেই দলে যোগ দিলেন কিংবদন্তি ভিভ রিচার্ডস। তিনি নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেট নিয়ে শুধু ভারতের পাশেই দাঁড়াননি, বলেছেন তারা চতুর্থ টেস্টেও স্পিন ভেলকির উইকেট বানানো উচিত।
মোতেরাসহ ভারতের বিভিন্ন ভেন্যুতে ১৫ টেস্ট খেলা রিচার্ডস বলেছেন, ‘ইংল্যান্ড-ভারত দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচ নিয়ে আমার কাছে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা নিয়ে কিছুটা বিভ্রান্ত। কারণ, মনে হয়েছে যে উইকেটে খেলা হয়েছে, তা নিয়ে কান্নাকাটি, শোরগোল একটু বেশি হচ্ছে। আমার মনে হয়েছে, যারা এমন কান্নাকাটি করছে, তাদের বোঝা উচিত, যখন পেসবান্ধব উইকেটে খেলা হয়, যখন গুড লেংথ থেকে বল লাফ দিয়ে ওঠে, তখন সবাই ধরে নেয়, এটা ব্যাটারদের সমস্যা। কিছু ব্যাটার এর সঙ্গে মানিয়ে নিতে শেখে। এবার আপনি এর উল্টো দিকটা (স্পিনবান্ধব উইকেট) দেখছেন। এসব কারণেই তো খেলাটার নাম টেস্ট ক্রিকেট দেওয়া হয়েছে। এখানে মনের জোর, ইচ্ছাশক্তি ও লড়াইয়ে নামার সঙ্গে জড়িত সবকিছুর পরীক্ষা নেওয়া হয়। আর এখন উইকেটে বল বেশি ঘুরছে বলে যেসব অভিযোগ করা হচ্ছে, তা টেস্ট ক্রিকেটের সঙ্গে যায় না। টেস্ট ধারণার সম্পূর্ণ উল্টো দিক এটা। মানুষ সম্ভবত ভুলে যাচ্ছে তারা কোথায় খেলছে। ভারতে স্পিনের জন্য আপনার প্রস্তুত থাকাই উচিত। আপনি স্পিনের দেশে যাচ্ছেন। কিসের মুখোমুখি হচ্ছে সেটা জেনেই তো প্রস্তুত হওয়া উচিত।’ উইন্ডিজের কিংবদন্তি আরও বলেন, ‘আমার মতে এসব কান্নাকাটি, ওজর-আপত্তি থামা দরকার। ভারতের অস্ত্রভা-ারে কী থাকে, সেটা না দেখার ভান থামাতে হবে। আমার তো স্বাগতিক দলের কন্ডিশন কাজে লাগানো দেখে ভালোই লাগছে। যেভাবে টেস্টটা এত দ্রুত শেষ হয়েছে আমার মতে এটা বরং ইংল্যান্ডকে একটা সুযোগ করে দিয়েছে নিজেদের সবকিছু আরেকবার পরখ করে দেখার। ওদের মাথায় রাখা উচিত, যে উইকেটে খেলেছে চতুর্থ টেস্টেও এমন উইকেট থাকতে পারে। আমি যদি ভারত হতাম বা উইকেট বানানোর সঙ্গে জড়িত থাকতাম, আমি একই উইকেটই বানাতাম।’
