টেস্ট আঙিনায় পা রেখে ইতিমধ্যে বাংলাদেশ ও আয়ারল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। অন্যদিকে জিম্বাবুয়ের সম্প্রতিক টেস্ট ইতিহাস খুব সুবিধের নয়। শেষ ১৭ টেস্টের ১৪টিতেই হার তাদের। সর্বশেষ জয় ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে। আবার বাংলাদেশের কাছেই গত বছর সর্বশেষ টেস্ট হেরেছিল তারা।
এমন দুটি দল আজ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে। ইনজুরির কারণে আবুধাবি টেস্টে খেলবেন না রশিদ খান। পিএসএলে ২ ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েন তিনি। হাতে আঘাত লেগেছে তার। আফগানিস্তানের যে দলটা আজ জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে তারা আবুধাবির কন্ডিশনের সঙ্গে পরিচিত। মাসখানেক আগে এই মাঠেই তারা ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ৩-০ ম্যাচে হারিয়েছে। যদিও গত ১৫ মাসে টেস্ট খেলেনি আফগানিস্তান। ২০১৯ সালে উইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে তারা ৯ উইকেটে হেরেছিল। টেস্টে আফগানদের সাফল্যের হার ফিফটি ফিফটি। চার টেস্টের দুটিতে জয়। দুটিতে হার। এই ম্যাচ দিয়ে এক দশক পর জিম্বাবুয়েতে টেস্ট খেলা টিভিতে সম্প্রচার হবে। সেই উপলক্ষে অধিনায়ক শন উইলিয়ামসন বলেছেন, ‘সরাসরি সম্প্রচার খেলা দেখতে সবাই উন্মুখ হয়ে আছে। এটা আমাদের জন্য অনেক কিছু। ভালো খেলার উৎসাহ জোগাবে।’ সবমিলিয়ে ২৮ বছরে এটি তাদের ১১১তম টেস্ট। অন্যদিকে, ২০১৮-র আগস্ট থেকে শুরু করা আফগানিস্তান খেলতে নামবে তাদের ৫ম টেস্ট। লংগার ভার্সনে আরও ম্যাচ খেলার সুযোগের দাবি করেছেন রশিদ খান, ‘প্রতি বছর ৩/৪টা টেস্ট খেলার সুযোগ পেলে আমাদের, বিশেষ করে তরুণদের খেলার মান উন্নতি হবে।’
