ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন প্রশ্নে আদেশ হবে আগামীকাল বুধবার (৩ কার্টুনিস্ট কিশোরের জামিনের আশা আইনজীবীদের
মার্চ)। জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করে। আদালতে কিশোরের জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া দেশ রূপান্তরকে বলেন, ‘শুনানিতে তার (কিশোর) অসুস্থতার কথা বলেছি। এছাড়া মামলার এজাহারে বিভিন্ন ত্রুটির বিষয়টি উল্লেখ করে বলেছি যে, এসব বিবেচনায় তিনি জামিন পেতে পারেন। আদালত আমাদের বক্তব্য শুনে আদেশের জন্য বুধবার ধার্য করেছে।’
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে গত বছরের ৬ মে থেকে কারাগারে ছিলেন লেখক মুশতাক আহমেদ। গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কারাগারে অসুস্থ হওয়ার পর তার মৃত্যুর খবর জানায় গাজীপুরের কাশিমপুর কারা কর্তৃপক্ষ। এর আগে এ মামলায় বেশ কয়েকবার জামিন চেয়ে ব্যর্থ হয়েছিলেন তিনি। তার মৃত্যুতে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সমালোচনার বিক্ষোভের পাশাপাশি বিভিন্ন মহল থেকে আইনটি বাতিলের দাবি উঠেছে। মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মশাল মিছিল করে প্রগতিশীল কয়েকটি ছাত্র সংগঠন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সময় ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। একই মামলায় একই দিনে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন আহমেদ কবির কিশোর। এ মামলায় গত রবিবার তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। তবে, ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম আবেদনটি নাকচ করে দেন।
এদিকে কারাগারে মুশতাকের আহমেদের মৃত্যুর ঘটনাটি গতকাল শুনানিকালে হাইকোর্টের নজরে আনেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়য়া। আদালত বিষয়টি হলফনামা আকারে দাখিল করতে আইনজীবীকে নির্দেশ দেয়। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘লেখক মুশতাক আহমেদের বিষয়েও জামিনের আবেদন করা হয়েছিল। আবেদনটি যেহেতু আমিই করেছি এখন তার মৃত্যুর বিষয়টি আদালতকে লিখিতভাবে অবহিত করতে হবে যে, তিনি মারা গেছেন। আমরা আগামীকালই (আজ) এ সংক্রান্ত নথি প্রস্তুত করে আদালতে দাখিল করব।’ রাষ্ট্রপক্ষের আইনজীবী সারওয়ার হোসেন বাপ্পি দেশ রূপান্তরকে বলেন, ‘এই মামলায় গত ২১ জানুয়ারি হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেছিলেন তিনি (কিশোর)। আজ (গতকাল) শুনানি শেষে আদালত আদেশের জন্য বুধবার ধার্য করেছে। একই দিন মুশতাক আহমেদের বিষয়টি হলফনামা আকারে দাখিল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।’
